নেত্রকোনার খালিয়াজুরি সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গুলিতে যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় তিন দিন ধরে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল রোববার নেত্রকোনা শহরে মানববন্ধন করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, খালিয়াজুরির আদাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গত মঙ্গলবার সন্ধ্যায় ভোট গণনার সময় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গোলাম কাউছার (৩২) নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি খালিয়াজুরি সদর ইউনিয়নে আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী গোলাম আবু ইছহাকের ছোট ভাই। এ ঘটনায় গত বৃহস্পতিবার তাঁর জানাজার সময় উপজেলা আওয়ামী লীগের নেতারা সাত দিনের শোক কর্মসূচি ঘোষণাসহ উপজেলা সদরে দোকানপাট বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এরপর থেকে উপজেলা পরিষদ-সংলগ্ন বাজার এবং নতুন বাজারের ব্যবসায়ীরা প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখছেন। গতকাল নেত্রকোনা শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে কুড়পাড় এলাকায় দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার বলেন, ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে সাধারণ ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবেই দোকান বন্ধ রাখছেন।
নতুন বাজারের ব্যবসায়ী বিকাশ চন্দ্র সরকার গতকাল রোববার বলেন, ওই ঘটনার পর থেকে আমরা দোকানপাট বন্ধ রাখছি।
এদিকে কাউছার নিহত হওয়ার ঘটনায় তাঁর ভাই আরিফুল ইসলাম গত শনিবার অভিযোগ করেছেন। এতে তিনি উপজেলা চেয়ারম্যান শামছুজ্জামান তালুকদার, তাঁর বড় ভাই ও সদর ইউনিয়নে জয়ী চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোশেফ, ওই ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুল হককে অভিযুক্ত করেছেন।
খালিয়াজুরি থানার ওসি রমিজুল হক বলেন, কাউছার হত্যার ঘটনার পরদিন বুধবার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করায় এ অভিযোগটি ওই মামলাটির সঙ্গে নথিভুক্ত করা হচ্ছে।
চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান বলেন, ওই ঘটনায় ভাই ও আমার সম্পৃক্ততা নেই। তাঁরা মিথ্যা অভিযোগ দিয়েছেন।