খালিয়াজুরীতে জলমহাল নিয়ে সংঘর্ষ, গুলি, আহত ৭
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কানটানি জলমহাল নিয়ে চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামে গতকাল বৃহস্পতিবার দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানায়। আহতদের খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।চাকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহিম নূর জানান, কানটানি জলমহালের ভাগাভাগি নিয়ে বল্লী গ্রামের সালেহ আহমেদের লোকজনের সঙ্গে একই গ্রামের আক্তারুজ্জামানের লোকজনের মধ্যে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় গতকাল বিকেলে উভয় পক্ষকে নিয়ে বল্লী মাদ্রাসা প্রাঙ্গণে সালিস বৈঠকের আয়োজন করা হয়। আলোচনার একপর্যায়ে উভয় পক্ষে উত্তেজনা দেখা দিলে বৈঠক পণ্ড হয়ে যায়। তিনি আরও জানান, এরপর উভয় পক্ষের লোকজন লাঠি, বল্লম, কাটরাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। এ সময় ছয়টি গুলির শব্দ তিনি শুনেছেন।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, ‘আমিও শুনেছি সংঘর্ষের সময় ফাঁকা গুলিবর্ষণ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। কোনো মামলা হয়নি।’