খালিয়াজুরীতে ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের আদমপুর বোয়ালবাড়ি গ্রামে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতের গুলিতে চয়ন সরকার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ডাকাতেরা ওই গ্রামের চারটি ঘরে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ডাকাতদের লাঠির আঘাতে আহত হয়েছেন পাঁচজন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দুইটার দিকে একটি ট্রলারে করে ২০-৩০ জনের একটি ডাকাতদল ওই গ্রামে হানা দেয়। দলটি ওই গ্রামের মনোরঞ্জন সরকার, সঞ্জয় সরকার, জতীন্দ্র সরকার ও দেবল সরকারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে উপস্থিত লোকজনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতেরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ঘর থেকে ডাকাতদলটি বের হলে জিম্মি থাকা লোকজন চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা লাটিসোঁটা নিয়ে ডাকাতদের আটকের চেষ্টা করেন। এ সময় ডাকাতেরা শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে ট্রলারে করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চয়ন সরকার (২৬) নিহত হন।ডাকাতদলের লাঠির আঘাতে সঞ্জয় সরকারের স্ত্রী গীতা রানী, মনোরঞ্জন সরকার, সঞ্জয় সরকার, জহর লাল ও দেবল সরকার আহত হন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।খবর পেয়ে গতকাল সকালে নেত্রকোনা জেলা প্রশাসক আনিছ মাহমুদ, পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।খালিয়জুরী সার্কেলের এএসপি এস আলম ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল দুপুরে মনোরঞ্জন সরকার বাদী হয়ে খালিয়াজুরী থানায় মামলা করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।