খালিয়াজুরীতে পরীক্ষা বর্জন, চান্দিনায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>খালিয়াজুরী পাইলট উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবিতে কর্মসূচি পালন করা হয়েছে। চান্দিনা মহিলা কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে গতকালও আন্দোলন অব্যাহত ছিল

নেত্রকোনার খালিয়াজুরী পাইলট উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছে।

কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে গতকাল আন্দোলনের চতুর্থ দিনে ছাত্রীরা কলেজের প্রধান ফটকে তালা দিয়ে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করেন।
খালিয়াজুরী পাইলট উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবিতে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। এলাকার কয়েকজন বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘোষিত জাতীয়করণের তালিকায় খালিয়াজুরী উপজেলা সদরের খালিয়াজুরী পাইলট উচ্চবিদ্যালয়ের নাম না থাকায় শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে পরীক্ষা বর্জন করে। ওই বিদ্যালয়ে মোট ২৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল পরীক্ষা অংশ না নিয়ে তারা বিদ্যালয় থেকে বেরিয়ে গিয়ে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। এতে শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, দশম শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা আক্তার প্রমুখ। পরে শিক্ষার্থীরা স্থানীয় শহীদ মিনারের পাদদেশে বসে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে। বেলা দেড়টার দিকে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বক্তারা বলেন, উপজেলা সদরের পুরোনো এই স্কুলটিকে জাতীয়করণ না করে চাকুয়া ইউনিয়নের শালদীঘা জিজি উচ্চবিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা খালিয়াজুরী সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে।
গতকাল আন্দোলন চলাকালে কুমিল্লার চান্দিনা মহিলা কলেজের ছাত্রীরা কোনো শিক্ষককে ক্যাম্পাসে ঢুকতে দেননি। সকাল আটটা থেকে বেলা দুইটা ৪৫ মিনিট পর্যন্ত ছাত্রীরা কলেজের ভেতরেই অবস্থান করেন। এর মধ্যে ছাত্রীরা মিছিল নিয়ে একাধিকবার বের হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাঁদের বের হতে দেয়নি। গত সোমবার থেকে ওই আন্দোলন চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রীদের আন্দোলনের কারণে গতকাল বৃহস্পতিবার কলেজ বন্ধ ছিল। কিন্তু বন্ধের মধ্যেই সকাল আটটা থেকে শত শত ছাত্রী কলেজের ভেতরে অবস্থান নেন। এরপর তাঁরা মাইক দিয়ে তাঁদের এক দফা দাবি ‘চান্দিনা মহিলা কলেজ জাতীয়করণ করতে হবে’ স্লোগান দেন।
আন্দোলনরত অন্তত পাঁচজন ছাত্রী জানান, তাঁরা কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সভাপতি কুমিল্লা-৭ আসনের সাংসদ মো. আলী আশরাফের সঙ্গে কলেজ জাতীয়করণের বিষয়ে কথা বলবেন। অন্য কারও সঙ্গে তাঁরা কথা বলবেন না।