নেত্রকোনার ধনু নদের পানি বৃদ্ধি এবং খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী-গুচিগাই সড়কের বেড়ীখালী সেতুর নিচে বাঁধের একটি অংশ ভেঙে যাওয়ায় কৃষ্ণপুর, নগর ইউনিয়নসহ পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধরমপাশা ও শাল্লা উপজেলার প্রায় দেড় হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী ও খালিয়াজুরী উপজেলা প্রশাসনসূত্র জানায়, বেড়ীখালী সেতুর নিচে তিনটি অংশে স্থানীয় উদ্যোগে বাঁশ ও চাটাই দিয়ে পানি আটকে রাখা হয়েছিল। ওই বাঁধের একটি অংশ গত সোমবার সন্ধ্যায় ভেঙে যায়। এতে তীব্র তোড়ে পানি প্রবেশ করায় উপজেলার পূর্বাঞ্চল, রুয়াইল, কাদিরপুর, আধাউড়া, যোগীমারা ও সম্পূর্ণ নগর ইউনিয়ন এবং সুনামগঞ্জের কয়েকটি হাওরের প্রায় অর্ধেক ফসল হুমকির মুখে পড়ে। ধনু নদের পানি বৃদ্ধি ও শ্রমিক-সংকটের কারণে সেতুর নিচের বাঁধ মেরামত করা যায়নি। খালিয়াজুরীর কৃষক টিটু সরকার ও সন্তোষ সামন্ত প্রথম আলোকে বলেন, ‘শ্রমিক-সংকটের কারণে জমির ফসল কাটতে পারছি না। পাকা ধানের প্রায় অর্ধেক এখনো কাটা বাকি। ব্রিজের নিচের বাঁধের ভাঙা অংশটি মেরামতের জন্য বহু চেষ্টা করেছি। পানির প্রবল তোড়ে বাঁধটির ভাঙন আটকানো যাচ্ছে না। আর দু-তিন দিন সময় পেলে বাকি ধান কেটে নেওয়া যেত।’ উপজেলার নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অজিতবরণ সরকার বলেন, বাঁশ ও চাটাই দিয়ে সংশ্লিষ্ট বাঁধটি রক্ষার চেষ্টা চলছে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল হাই বলেন, আনুমানিক দেড় হাজার হেক্টর জমির ফসল কাটা হয়নি। তবে ক্ষতির আশঙ্কা কম।