খালে আ.লীগ নেতার বহুতল ভবন নির্মাণ

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া বাজার-সংলগ্ন দক্ষিণ পাশে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ওই ভবনটি নির্মাণ করছেন বলে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, কনকদিয়া বাজার সেতুটির পূর্ব পাশে ওই ভবনটি নির্মিত হচ্ছে। ইতিমধ্যে ভবনের আরসিসি পিলার (খুঁটি) নির্মাণ করে ছাদ ঢালাইয়ের জন্য সেন্টারিংয়ের কাজ শেষ হয়েছে। এ ছাড়া নির্মাণাধীন ওই ভবনটির দুই পাশে খাল দখল করে একাধিক আধপাকা ও টিনশেড ঘর নির্মাণ করে রেখেছেন স্থানীয় প্রভাবশালী কয়েকজন।
নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচ-ছয়জন বলেন, প্রভাবশালী ব্যক্তি হওয়ায় প্রশাসনের কর্তাব্যক্তিরাও কিছু বলছেন না। তাঁরা দেখেও না দেখার ভান করছেন। এ কারণে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা খালটি দখল করে নিচ্ছেন। একজন বলেন, ১০ বছর আগেও এই খাল দিয়ে লঞ্চ চলাচল করত। খালটি দখল হয়ে যাওয়ায় এখন বড় ট্রলারও চলতে পারে না। তিনি খালটি উদ্ধার করে নৌযান চলাচলের উপযোগী করার দাবি জানান।
এ বিষয়ে জানার জন্য আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলামের মুঠোফোনে গত দুই দিনে চার-পাঁচবার কল করলে তিনি ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।