
সিটি করপোরেশন নির্বাচন হয়েছে দেড় বছর আগে। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হচ্ছে ওয়ার্ডের চালচিত্র
মিরপুর ১৩ নম্বর সেকশনে বাউনিয়া খালের ওপর গড়ে উঠছে সরকারি আবাসন প্রকল্পের ভবন। খালের ভেতরে বাঁশের খুঁটি পুঁতে অবৈধভাবে ঘর তুলে ভাড়া দিয়েছেন স্থানীয় প্রভাবশালী লোকজন। ৬০ ফুট প্রস্থের খাল কোথাও আছে ১০ ফুট, কোথাও হয়ে গেছে সরু নালা। খালের স্বাভাবিক পানির প্রবাহ বন্ধ হয়ে ময়লা-আবর্জনার পুরু স্তর পড়ায় সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় এলাকার রাস্তাঘাট।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪ নম্বর ওয়ার্ড ঘুরে খাল দখলের এমন মহোৎসব দেখা যায়। গতকাল রোববার ওয়ার্ড ঘুরে এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওয়ার্ডে গ্যাসের সমস্যাও প্রকট। এলাকার বেশ কিছু রাস্তা ভাঙাচোরা, আছে অবৈধ দখল। ওয়ার্ডে নেই সিটি করপোরেশনের কোনো কাঁচাবাজার। নেই খেলার মাঠ।
মিরপুর ১৩, ১৪ ও ১৫ নম্বর সেকশন, পশ্চিম বাইশটেকি, পূর্ব বাইশটেকি, ১৩ নম্বর টিনশেড কলোনি, ১৪ নম্বর স্টাফ কোয়ার্টার ও বাগানবাড়ি বস্তি নিয়ে ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ড। প্রায় ৫১ হাজার ভোটারের এই ওয়ার্ডে লক্ষাধিক লোকের বাস।
ওয়ার্ডের সুযোগ-সুবিধা, সমস্যার বিষয়ে কথা বলতে গেলে স্থানীয় কাউন্সিলর জামাল মোস্তফা নিজেই বাউনিয়া খালের দখল দেখাতে নিয়ে যান। দেখা যায়, মিরপুর ১৩ নম্বরের জয়নগর এলাকায় খালের পাশে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আবাসন প্রকল্পের কাজ চলছে। খালের ভেতরে টিন দিয়ে আবাসন প্রকল্পের দেয়াল দেওয়া হয়েছে। ভেতরে ভবনের পাইলিংয়ের কাজ প্রায় শেষ। আবাসন প্রকল্পের সীমানা দেয়াল থেকে ওয়াসার খালের সীমানা পিলারের দূরত্ব বড়জোর ২০ ফুট। অথচ এখানে ৬০ ফুট খাল থাকার কথা।
ওয়াসার নথিপত্রে দেখা যায়, ২০০৭ সালে মিরপুর ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে জয়নগর পর্যন্ত ১ হাজার ৬৭ মিটার দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থ বাউনিয়া খালের জায়গা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ওয়াসাকে বুঝিয়ে দেয়। জয়নগর এলাকায় খালটির জায়গা নির্ধারণ করা নেই। সেখানে খাল সংকীর্ণ হয়ে ছোট নালায় পরিণত হয়েছে। এই নালা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ক্ষীণধারায়। এতে খালের উজান অংশে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
২০১৫ সালের ২৮ অক্টোবর ওয়াসা খালের অচিহ্নিত অংশে যৌথ জরিপের অনুরোধ জানিয়ে গৃহায়ণ কর্তৃপক্ষকে চিঠি দেয়। তাতে বলা হয়, খালের প্রবাহ বন্ধ হলে মিরপুর, কাফরুল, ক্যান্টনমেন্ট, পুরোনো বিমানবন্দর এলাকায় জলজটের সৃষ্টি হবে। জয়নগর অংশে গৃহায়ণ কর্তৃপক্ষ বহুতল ভবনের পাইলিংয়ের কাজ করছে। এতে খালের প্রবাহ বন্ধ হয়ে যাবে। সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রকল্পের কাজ বন্ধ রাখতে গৃহায়ণ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ‘খালটির জমি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের। ওয়াসাকে খালের কিছু অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে। জয়নগর এলাকায় খালের ২৫-৩০ ফুট জায়গা ছেড়ে আবাসন প্রকল্পের কাজ চলছে। গত সপ্তাহে ওয়াসা ও সিটি করপোরেশনের সঙ্গে কথা হয়েছে, তাদের কোনো আপত্তি নেই।’
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মিরপুর ১৪ নম্বর সেকশনের ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের কিছু অংশও খালের ওপর পড়েছে। সরেজমিনে দেখা যায়, খালের পাশে পুনর্বাসন প্রকল্পের একটি ভবনের একতলার কাঠামো তৈরি হয়েছে। সেখানে ৬০ ফুটের বদলে খাল ২০ ফুট হয়ে গেছে।
মিরপুর ১৪ নম্বর সেকশনে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) পেছনে খালের ওপর বাঁশ ও টিন দিয়ে শতাধিক ঘর তোলা হয়েছে। এসব ঘর বানাতে খালে কয়েক শ বাঁশ দিয়ে বাঁধের মতো করে পানির প্রবাহ আটকে দেওয়া হয়েছে। কাফরুল, কচুক্ষেত, ভাষানটেক, ইব্রাহিমপুর ও মিরপুর এলাকার নালার পানি এই খাল দিয়ে নামে। পানির প্রবাহ বন্ধ হওয়ায় বর্ষায় এলাকায় জলজটের সৃষ্টি হবে।
ওয়ার্ডের সমস্যা: ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ডে গ্যাসের সমস্যা প্রকট। বাসাবাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস থাকে না। তাই রান্না করতে হয় রাতে। মিরপুর ১৩ নম্বর সেকশনের সি ব্লকের বাসিন্দা মাহবুব ইসলাম বলেন, আগেও গ্যাসের সমস্যা ছিল। তবে দু-তিন মাস ধরে গ্যাসের সমস্যা বেশি। সারা দিন গ্যাস থাকে না বললেই চলে। সব বেলার খাবার রাতে রান্না করে রাখতে হয়।
১৩ নম্বর সেকশনের টিনশেড কলোনি এলাকার রাস্তাগুলো সরু এবং ভাঙাচোরা। ওয়ার্ডের বেশ কিছু রাস্তা মাটির তৈরি। সড়কগুলোতে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। তবে ২০১৫ সালের এপ্রিলে সিটি করপোরেশন নির্বাচনের পর থেকে বেশ কিছু রাস্তা সংস্কার ও প্রশস্ত করা হয়েছে।
ওয়ার্ডে সিটি করপোরেশনের কোনো কাঁচাবাজার নেই। ওয়ার্ডের সড়ক-ফুটপাতে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। সড়ক দখল করে বসেছে কাঁচাবাজার। ওয়ার্ডে নেই কোনো খেলার মাঠ। বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য রাখার জন্য একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরি হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে সড়কে রাখতে হচ্ছে ময়লার কনটেইনার।