খালে ছাত্রলীগ নেতার দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের সাগরদী খালের একাংশ দখল করে নগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিন তিনটি দোকান নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের সাগরদী বাজারসংলগ্ন সাগরদী খালে বাঁধ দিয়ে দোকানের স্তম্ভ (পিলার) নির্মাণ করা হচ্ছে। সাগরদী বাজার কমিটির সহসভাপতি মো. চান বিশ্বাস বলেন, ১৫ দিন ধরে খালের ওই অংশে তিনটি দোকান নির্মাণ করছেন ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিন। তবে ওই অংশ বাজারের নয়। বাজার কমিটি এ ব্যাপারে অবহিত নয়।
বাজারের ব্যবসায়ী মো. আবদুল আজিজ হাওলাদার বলেন, খালের ওই অংশ ইজারা নিয়েছেন দাবি করে পাকা দোকান নির্মাণ করছেন ছাত্রলীগের নেতা জসিম। একই রকম কথা বলেন, মো. হেমায়েত উদ্দিনসহ একাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বাজার কমিটির একটি সূত্র জানায়, ছাত্রলীগের নেতা জসিম ভাড়া দেওয়ার উদ্দেশ্যে খালের জায়গা দখল করে দোকানগুলো নির্মাণ করছেন।
স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, সাগরদী বাজারের পর ছিল খালের পাড়। এখন আর সেই পাড় নেই। খালের একটি অংশ দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে। ফলে খালটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ‘বরিশাল নদী খাল বাঁচাও আন্দোলন কমিটি’র সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, বরিশালে অনেক খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সাগরদী ও জেল খালসহ চারটি খাল অবৈধ দখলে চলে যাচ্ছে। ছাত্রলীগের সভাপতি জসিম নতুন করে দখল শুরু করেছেন।
নগর ছাত্রলীগের সভাপতি বলেন, জেলা পরিষদের কাছ থেকে ইজারা নিয়ে এসব দোকান নির্মাণ করা হচ্ছে। তাঁর কাছে বৈধ কাগজ আছে বলেও তিনি দাবি করেন। বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন বলেন, সাগরদী খালের যে অংশের কথা বলা হচ্ছে, সেখানে ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। তা ছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে কাউকে ইজারাও দেওয়া হয়নি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।