খালে পানির প্রবাহ নেই, সমস্যা গ্যাস-পানিতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
পশ্চিম শেওড়াপাড়া এলাকায় বারোয়ারি বর্জ্য জমে খালের পানি প্রবাহ বন্ধ। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
পশ্চিম শেওড়াপাড়া এলাকায় বারোয়ারি বর্জ্য জমে খালের পানি প্রবাহ বন্ধ। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হচ্ছে ওয়ার্ডের চালচিত্র

পশ্চিম শেওড়াপাড়া এলাকায় বারোয়ারি বর্জ্য জমে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই আশপাশের ঘরে ময়লা পানি ঢুকছে। শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় রয়েছে গ্যাস ও পানির সংকট। পশ্চিম কাজীপাড়া এলাকায় ওয়াসার পানিতে দুর্গন্ধ আসে।
এলাকাগুলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই ওয়ার্ডে নেই কোনো খেলার মাঠ, সরকারি কমিউনিটি সেন্টার। সিটি করপোরেশন নির্বাচনের প্রায় দুই বছর হতে চললেও ওয়ার্ডের বেশির ভাগ সড়ক এখনো ভাঙাচোরা।
গতকাল রোববার ডিএনসিসির ১৪ নম্বর ওয়ার্ড ঘুরে এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। পূর্ব ও পশ্চিম সেনপাড়া পর্বতা, পূর্ব ও পশ্চিম কাজীপাড়া, পূর্ব ও পশ্চিম শেওড়াপাড়া, পশ্চিম কাফরুল এলাকা নিয়ে ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডে তিন লক্ষাধিক লোকের বাস।
পশ্চিম শেওড়াপাড়া অলি মিয়ার টেক এলাকায় খালে স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে ময়লা-আবর্জনার পুরু স্তর পড়েছে। খালের মধ্যে প্লাস্টিকের বোতল, টিন, পলিথিনসহ বারোয়ারি বর্জ্য জমে আছে। এত পুরু ময়লা-আবর্জনা জমায় এটি যে খাল তা বোঝার উপায়ও নেই।
খালের পাশের খালি জায়গায় তোলা হয়েছে ঘর। এসব ঘরের বাসিন্দারা বলেন, খালে পানিপ্রবাহ না থাকায় অল্প বৃষ্টিতেই ঘরগুলো ময়লা পানিতে ডুবে যায়। এই ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন পানির কারণে মশার প্রজননক্ষেত্র হয়ে পড়েছে খালটি।
শেওড়াপাড়া থেকে পীরেরবাগ পর্যন্ত সংযোগ স্থাপন করা সড়কটি ‘পীরেরবাগ সড়ক’ নামেই বেশি পরিচিত। এই সড়ক দিয়ে মধ্য পীরেরবাগ, দক্ষিণ পীরেরবাগ, পশ্চিম শেওড়াপাড়া, নতুন ৬০ ফুট রাস্তা ও আশপাশের এলাকার লোকজন চলাচল করে। সড়কটি ভাঙাচোরা, এবড়োখেবড়ো। ভাঙা রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
গতকাল রোববার দেখা যায়, পুরো রাস্তাটির বেশির ভাগ অংশই চলাচলের অনুপযোগী। সড়কের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের অলি মিয়ার টেক বাজারের অংশে বেশি এবড়োখেবড়ো। সড়কটি শেষ কবে পিচ ঢালাই হয়েছিল তা দেখে বোঝার উপায় নেই। এই সড়কটির সঙ্গে যুক্ত আশপাশের সংযোগ সড়কগুলো ঘুরেও একই রকম অবস্থা দেখা যায়।
স্থানীয় দোকানদার সোলায়মান মিয়া বলেন, ‘১২ বছর ধরে এখানে দোকানদারি করতেছি। একবার রাস্তা চওড়া করছে, একবার পাইপ বসাইছে। কিন্তু রাস্তা ঠিক করে নাই। শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থিকা অলি মিয়ার টেকের বাজার পর্যন্ত এমন ভাঙা।’
এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত জানুয়ারি মাসে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে পীরেরবাগ পর্যন্ত সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা দুই পাশের ভবনের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। নকশা অনুযায়ী সড়কটির প্রস্থ ৩০ ফুট। দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে বাস্তবে সড়কটির প্রস্থ কোথাও ছিল ১০ ফুট, কোথাও ১৫ ফুট। সড়কটির সংস্কারকাজ শিগগিরই শুরু হবে বলে তাঁরা শুনেছেন।
এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় এলাকার রাস্তাঘাট ও নিচু বসতবাড়ি। এলাকায় সুউচ্চ সব ভবন নির্মাণ করা হলেও পরিকল্পিত পানি ও পয়োনিষ্কাশনের নালা নির্মাণ করা হয়নি। গতকাল দেখা যায়, হাজী আশ্রাফ আলী স্কুল সড়কে ও এর আশপাশের সড়কে পানি নিষ্কাশনের পাইপ বসানোর কাজ চলছে।
আছে গ্যাস-পানির সংকট: গ্যাস-সংকটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন কাফরুল, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া পর্বতা এলাকার বাসিন্দারা। সকালের দিকে একটু গ্যাস এলেও মাঝখানে চলে যায়। সকালে, নয়তো গভীর রাতে চুলায় গ্যাসের দেখা মেলে। প্রতিবছর শীতকালে গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়। তবে এবার মেট্রোরেলের খোঁড়াখুঁড়ির কারণে মাঝেমধ্যেই গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে। আশ্রাফ আলী স্কুল সড়কের বাসিন্দা রেহানা আকতার বলেন, সকালে অফিস আর বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার আগে প্রায় সময়ই গ্যাসের অভাবে রান্না করতে পারি না। বিকেলে ফিরে একই অবস্থা, চুলায় গ্যাস নেই। কখনো সন্ধ্যায় আবার কখনো গভীর রাতে রান্না করতে হয়।
ওয়ার্ডের পশ্চিম শেওড়াপাড়া, কাজীপাড়া এলাকার কোথাও পানি নেই, কোথাও পানিতে ময়লা ও দুর্গন্ধ। পশ্চিম কাজীপাড়ার বেশ কিছু বাড়িতে ওয়াসার লাইনে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আসছে। এলাকাবাসী বলছেন, কয়েক মাস ধরে ভোগান্তি পোহাচ্ছেন তাঁরা। পশ্চিম শেওড়াপাড়া এলাকায় পানির সমস্যা দীর্ঘদিনের।
মেট্রোরেল প্রকল্পের শেওড়াপাড়া থেকে কাজীপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের দুই পাশেই গর্ত খোঁড়া। নিরাপত্তাবেষ্টনী নেই। কোথাও কোথাও একটা করে বাঁশের খুঁটি দিয়ে সীমানা চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। মানুষের এপার-ওপার হওয়ার জন্য বাঁশ-স্টিলের পাত ফেলা হয়েছে। যানবাহনের চাকার সঙ্গে ঘর্ষণের ফলে চারদিকে ধুলা উড়ছে। আশপাশের ভবন-দোকানগুলো ধুলায় ধূসর।
পূর্ব শেওড়াপাড়ার বাসিন্দা খালেদ হোসেন বলেন, মেট্রোরেলের আসল খোঁড়াখুঁড়ি নাকি শুরুই হয়নি। তাতেই পুরো এলাকা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। আগামী কয়েক বছর এই দুর্ভোগ পোহাতে হবে।
ডিএনসিসি রাজধানীর প্রধান সড়কগুলোর ফুটপাতে বসিয়েছে ময়লা ফেলার বিন। তবে এই ওয়ার্ডের কাউন্সিলর নিজ উদ্যোগে এলাকায় প্রধান ও ভেতরের সড়কগুলোতে কিছুদূর পরপর ময়লা ফেলার বিন বসিয়েছেন। দেখা যায়, এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টিনের তৈরি গাঢ় সবুজ রঙের ময়লা ফেলার বিন টাঙানো। বিনের নিচ দিয়ে খোলার ব্যবস্থা আছে। বিন ময়লা-আবর্জনায় ভরে গেলে নিচের দিক দিয়ে খুলে পরিষ্কার করা হয়।