খালে বাঁধ, মাছ লুট
পটুয়াখালীর বাউফলে নগরের হাট এলাকায় সরকারি খালে বাঁধ দিয়ে পানি সেচে দুই লক্ষাধিক টাকার মাছ লুটপাট করে নিয়েছে স্থানীয় লোকজন। গত মঙ্গলবার দুপুরে প্রকাশ্যে মাছ লুটের ঘটনার সঙ্গে স্থানীয় ক্ষমতাসীন দলের লোকজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, বাউফল থেকে নওমালা হয়ে বগা এলাকা পর্যন্ত এই সরকারি খালটির দৈর্ঘ্য ৩০ কিলোমিটার। স্থানীয় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হকের নেতৃত্বে ক্ষমতাসীন দলের ২০ থেকে ২৫ জনের একটি দল সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান তালুকদারের বাড়ির কাছ থেকে পূর্ব নওমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার খালের দুই পাশে বাঁধ দেয়। চার দিন আগে তারা দুটি পাম্প বসিয়ে খালের পানি সেচ করতে থাকে। গত মঙ্গলবার দুপুরে সেচ সম্পন্ন হলে তারা ওই খালের রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির দুই লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। আওয়ামী লীগের সভাপতি আবদুল হক জানান, দুই পাড়ের কিছু গরিব মানুষ খালের পানি সেচে মাছ ধরেছে। তবে তিনি এই মাছ ধরার সঙ্গে জড়িত নন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ‘খালটি সরকারি। তবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এ ছাড়া খালে বাঁধ দিয়ে সেচে মাছ ধরা অপরাধ। তাই এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।’