খালে বাঁধ দিয়ে ঘর নির্মাণ ১২টি গ্রাম প্লাবিত, দুর্ভোগ
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে সরকারি একটি খালে বালুভর্তি ব্যাগ ফেলে বাঁধ দেওয়া হয়েছে। খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি। ফলে ইউনিয়নের ১২টি গ্রামের ৪০০টি পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
পানিনিষ্কাশন হতে না পারায় গ্রামগুলোর বীজতলা, আমন ও অন্যান্য ফসলের খেত পানিতে ডুবে গেছে। পুকুরের মাছ ভেসে গেছে। এক সপ্তাহ ধরে পানিতে রান্নাঘর ডুবে থাকায় অনেককে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান ও জয়নাল আবেদীন জানান, ১৯৮৪-৮৫ সালে লক্ষপতিপাড়ার মিজানুর রহমান প্রধানের বাড়ির উত্তর পাশ থেকে পশ্চিম কুরুম নদী পর্যন্ত পানিনিষ্কাশনের জন্য সরকারি বরাদ্দে একটি খাল নির্মাণ করা হয়। ২০০৯-২০১০ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খালটি সংস্কার এবং তিনটি স্থানে সেতু নির্মাণ করে।
প্রায় ৩০ বছর ধরে প্রতি বর্ষা মৌসুমে এই খালটির মাধ্যমে এলাকার পানিনিষ্কাশিত হয়ে আসছে। কিন্তু ছয় মাস আগে স্থানীয় হরমুজ আলী নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা বালুভর্তি বস্তা ফেলে খালে বাঁধ দিয়ে বসতবাড়ি নির্মাণ করেন।
এ ব্যাপারে এলাকাবাসী স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বরাবরে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। এখন পানিনিষ্কাশন না হওয়ায় উজানের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে গ্রামের কাঁচা সড়কগুলোও ভেঙে গেছে। কোনো কোনো স্থানে রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
সরকারপাড়া এলাকার বাসিন্দা মফিজউদ্দিন ও মিয়াজউদ্দিন জানান, ৩০ বছর ধরে এই খাল দিয়ে পানিনিষ্কাশিত হয়ে আসছে। কিন্তু প্রভাব খাটিয়ে গায়ের জোরে বালির বাঁধ দিয়ে খালের জায়গায় বসতবাড়ি নির্মাণ করায় বন্যার সৃষ্টি হয়েছে।
শিংগিয়াপাড়া এলাকার বাসিন্দা তাবিজউদ্দিন ও তিন ঘরিয়াপাড়ার আবুল কাশেম জানান, খালটি বন্ধ করে ঘরবাড়ি নির্মাণ করায় পানির নিচে তলিয়ে গেছে কয়েক শ একর জমির বীজতলা, আমন খেত ও প্রায় অর্ধশত পানের বরজ। এ ছাড়া লাউ, করলা, পানিকুমড়া, মরিচ, শসাসহ বিভিন্ন ফসলের বাগান ডুবে গেছে।
খাল বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করার ব্যাপারে জানতে চাইলে হরমুজ আলী বলেন, ‘নিজেদের জমিতে আমরা ঘরবাড়ি তুলেছি। নিজেদের অসুবিধা করে তো আর অন্যের সুবিধা করতে পারি না।’
জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।