খালে বাঁধ দিয়ে মাছ চাষ

বগুড়ার দুপচাঁচিয়ার চৌমহনি এলাকার ইরামতি খালের লাল সেতু এলাকায় বাঁধ দিয়ে মাছ চাষ করার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে স্থানীয় লোকজন ও জেলেরা খালে মাছ পাচ্ছেন না।
এলাকাবাসীর অভিযোগ, চৌমহনি এলাকায় গত বছরের শেষ দিকে বগুড়া-নওগাঁ সড়কের লাল সেতুর কাছে ইরামতি খাল ঘেঁষে ওই এলাকার প্রভাবশালী মোকলেছার রহমান ও তাঁর মামা ইদ্রিস আলী ‘ভাই ভাই অ্যান্ড মামা অটো ব্র্যান্ড অয়েল ইন্ডাস্ট্রিজ’ নামে একটি কারখানা নির্মাণের জন্য জায়গা কিনে কাজ শুরু করেন। শুরুতে খালের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে গর্ত করে কয়েক লাখ টাকার মাটি কেটে কারখানার জায়গা ভরাট করেন। এরপর লাল সেতুর নিচে এবং দেড় কিলোমিটার দক্ষিণে ইরামতি খালে রড ও সিমেন্টের কংক্রিট দিয়ে বাঁধ দেন। লোহার খাঁচা এবং তারের জাল দিয়ে খালের একটি অংশ বন্ধ করে মাছ চাষ করছেন।
ওই খাল থেকে বাঁধ তুলে দেওয়ার জন্য উপজেলা সদরের ১১ জন ব্যবসায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এক মাস আগে অভিযোগ করেন। তবে প্রভাবশালী হওয়ায় এখনো প্রশাসনের কর্মকর্তারা খালের বাঁধ তুলতে পারেননি।
ইউএনও শাহেদ পারভেজ বলেন, সরেজমিনে তদন্ত করার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর প্রতিবেদন হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে। কোনো নদী বা প্রবাহিত খাল ব্যক্তিমালিকানায় ব্যবহার করা যায় না।
ইরামতি খালের আশপাশের গ্রাম থেকে মাছ ধরতে আসা চার-পাঁচজন জেলে বলেন, ‘আমরা সারা বছর খালে মাছ ধরে বাজারে বিক্রি করে দুই পয়সা কামাই করি। কিন্তু খালে বাঁধ দেওয়ার পর থেকে কোনো মাছ পাওয়া যাচ্ছে না।’
এসব অভিযোগের ব্যাপারে মোকলেছার রহমান বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়ে খালটি খনন করে মাটি ব্যবহার করেছি। বাঁধ দিয়ে মাছ চাষ করছি। এমনিতেই খালে তেমন মাছ থাকে না। মাছ চাষ করাতে কারও কোনো ক্ষতি হওয়ার কথা নয়। স্থানীয় লোকজনও কোনো আপত্তি করেনি।’
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড নওগাঁর উপবিভাগীয় প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘এ ধরনের অভিযোগ কেউ দেয়নি। ইউএনও এবং পুলিশের সহযোগিতা ছাড়া বাঁধ তুলে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসনের সাহায্য চাইব।’
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ইরামতি খালটি উপজেলার জিয়ানগর, গুনাহার ও গোবিন্দপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত। বর্ষা মৌসুমে এসব ইউনিয়নের আশপাশের জমির পানি এ খাল দিয়ে নদীতে যায়। আবার খরার মৌসুমে এ খালের পানি দিয়ে এলাকার কৃষকেরা জমিতে সেচের মাধ্যমে চাষাবাদ করেন। সারা বছর ওই এলাকার মানুষ ও পেশাজীবী জেলেরা মাছ ধরে জীবিকা চালান।