‘অবৈধ ও অপরিকল্পিতভাবে এবং সরকারি রেকর্ডীয় কোনো খালে বাঁধ দিয়ে কাউকে লবণপানি আটকে রেখে ঘের করতে দেওয়া হবে না, সে যে দলেরই হোক না কেন।’মংলা বন্দর পৌরসভায় পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গত রোববার খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আ. খালেক এ কথা বলেন। মংলা পৌরসভার কুমারখালীতে স্থাপিত এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হওয়ার পর রোববার বেলা একটার দিকে তা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ও স্থানীয় মাছমারা গ্রামের বাসিন্দা নমিতা হালদার।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০০৫ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের মাধ্যমে চার হাজার পরিবার সুপেয় পানির সুবিধা পাবে। প্রতি ঘণ্টায় দুই লাখ লিটার পানি শোধন করা যাবে। উচ্চ জলাধারে (ওভারহেড ট্যাংক) পাঁচ লাখ লিটার পানি সংরক্ষণ করা যাবে। পৌরসভার অবশিষ্ট এলাকায় সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য দ্বিতীয় পর্বের প্রকল্প-প্রস্তাব পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন আছে।