খালে বাঁধ দিয়ে মাছ চাষ কৃষকের সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের একটি সরকারি খালে বাঁধ দিয়ে এক কিলোমিটারজুড়ে মাছ চাষ করেছেন ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী। এ কারণে খালের পার্শ্ববর্তী এলাকার প্রায় আড়াই হাজার কৃষক সেচসংকটে পড়েছেন। নানা কাজে তাঁরা খালের পানি ব্যবহার করতে পারছেন না। বিষয়টির প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সরেজমিনে ঘুরে স্থানীয় লোকজন ও ভুক্তভোগী কৃষকদের সূত্রে জানা গেছে, উপজেলার বামরাইল বড় ব্রিজ থেকে আগরপুর ভায়া কদমতলী খালের কদমতলী মহিলা দাখিল মাদ্রাসার কাছে অবৈধভাবে মাস ছয়েক আগে বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধ দিয়ে মাস ছয়েক ধরে খালে মাছ চাষ করছেন উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক ও বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সজীব শরীফ, বামরাইল ইউনিয়নের সহসভাপতি মো. সুমন দেওয়ানসহ ছাত্রলীগের ৮-১০ জন কর্মী। খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খালের পার্শ্ববর্তী এলাকার গরিব কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ওই এলাকায় খালের দুই পাশে ২০টি ইরি ব্লকের প্রায় দেড় হাজার একর জমিতে দুই থেকে আড়াই হাজার কৃষক বোরো চাষ করেন। খালে বাঁধ দেওয়ায় সেচের পানির অভাবে এ বছর কৃষকদের চাষাবাদ ব্যাহত হয়েছে। স্থানীয় কৃষক মোশারফ হোসেন, তৈয়ব আলী ও খলিরুর রহমান জানান, খালে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করায় সেচসংকটের কারণে এ বছর বোরো চাষ ব্যাহত হয়েছে। তা ছাড়া প্রতিবছর তাঁরা খালের পানিতে পাট জাগ দিলেও এ বছর তাতে বাধা দেওয়া হয়েছে। এ কারণে শত শত কৃষক পাট নিয়ে বিপাকে পড়েছেন। এলাকার শিক্ষক ইউসুফ আলী ও কদমতলী মসজিদের ইমাম আশ্রাব আলী জানান, এলাকাবাসী দৈনন্দিন কাজে খালের পানি ব্যাবহার করা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার কালিহাতা গ্রামের আবুল কালাম (৬০), আলমগীর হোসেন ও রফিকুল ইসলাম অভিযোগ করেন, এ ব্যাপারে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে গত ৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্রলীগের অভিযুক্ত নেতা মো. সজীব শরীফ ও মো. সুমন দেওয়ান খালে বাঁধ দিয়ে মাছ চাষের কথা স্বীকার করে বলেন, ‘আমরা বৈধভাবেই মাছ চাষ করেছি। তবে কৃষকের চাষাবাদে যাতে সমস্যা না হয়, সে জন্য পানি সরবরাহের জন্য পাইপ দেওয়া হবে।’ বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন নান্টু বলেন, ‘এলাকাবাসী এ ব্যাপারে ইউএনওকে লিখিতভাবে অভিযোগ দিয়েছে। জরুরি ভিত্তিতে বাঁধ অপসারণ করা উচিত।’ উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস বলেন, গুরুত্বপূর্ণ এই খালে বাঁধ দেওয়ায় এ বছর ওই এলাকায় সেচের অভাবে বোরো চাষ ব্যাহত হয়েছে। বাঁধ না কাটলে আগামী বোরো মৌসুমে এ সমস্যা আরও প্রকট হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয় সিন্ধু তালুকদার বলেন, ‘খালে বাঁধ দেওয়ার বিষয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি। তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’