খালে বাঁধ দিয়ে মাছ চাষ ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের আমখোলাপাড়া এলাকার খালটিতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। এর ফলে এলাকার ফসলি জমিগুলো থেকে পানি নিষ্কাশন হতে পারছে না। পানি জমে থাকায় বর্তমানে এলাকার শতাধিক কৃষকের দুই শতাধিক একর জমির আমন ধানের গাছের গোড়া পচে যাচ্ছে।ক্ষতিগ্রস্ত কৃষকেরা এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিষয়টি জানালে বাঁধটি অপসারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় মাথার ঘাম পায়ে ফেলে চাষ করা আমন ফসল নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় শামসুল হক নামের এক ব্যক্তি খালের জায়গাটি নিজের রেকর্ড করা সম্পত্তি দাবি করে দীর্ঘদিন থেকে খালে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। এর ফলে আমন মৌসুমে ইউনিয়নের ৩৪ নম্বর লতাচাপলী মৌজার দিয়ার আমখোলাপাড়া এলাকার প্রায় ২০০ একর জমি জলাবদ্ধতার শিকার হতো। এ অবস্থায় এলাকার কৃষকেরা তাঁদের ফসল রক্ষায় ইউপি কার্যালয়ে লিখিত আবেদন করেন। পরে ইউপি কার্যালয়ের সিদ্ধান্ত পেয়ে তিন বছর আগে কৃষকেরা খালের বাঁধটি কেটে দেন।স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান সিফাত বলেন, বাঁধটি কাটার পর ২০১১ সালের ১২ আগস্ট শামসুল হক এলাকার ১৪ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেন এবং খালটিতে আবারও বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেন। তখন থেকে কৃষকদের খেতে আবারও জলাবদ্ধতা দেখা দেয়।ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর রহমান বলেন, খালে বাঁধ দেওয়ায় এরই মধ্যে তাঁর দেড় একর জমির আমন ধানের গাছ পচে নষ্ট হয়ে গেছে। তিনিসহ ক্ষতিগ্রস্ত কৃষকেরা পচে যাওয়া আমন ধানের চারা নিয়ে কলাপাড়ার ইউএনওর কাছে গিয়ে বিষয়টি জানিয়েছেন। মজিবুর রহমান অভিযোগ করেন, শতাধিক কৃষককে নিঃস্ব করে খালে বাঁধ দিয়ে মাছ চাষ করে লাভবান হচ্ছেন শামসুল হক। একই সঙ্গে মামলা দিয়ে কৃষকদের হয়রানি করছেন তিনি।অভিযোগ অস্বীকার করে শামসুল হক বলেন, ‘আসলে কৃষকেরা যে খালের কথা বলছে তা আমার রেকর্ড করা সম্পত্তি। জোর করে কৃষকেরা আমার মাছের ঘেরের জায়গায় বাঁধটি কেটে দিয়েছে। এ জন্য আমি ওদের বিরুদ্ধে মামলা করেছি। যা এখন বিচারাধীন। এ ছাড়া বর্তমানে সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে।’শামসুল হকের দাবি নাকচ করে দিয়ে লতাচাপলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিদা বেগম বলেন, খালটি সরকারি খাল। এলাকার কৃষকদের ফসল রক্ষায় পানি নিষ্কাশনের জন্য বাঁধটি কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাঁধটি কেটে দেওয়ার পর কৃষকেরা মামলার শিকার হয়েছেন। কিন্তু মামলা করায় তাঁরা কোনো ব্যবস্থা নিতে পারছেন না।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিষয়টি তাকে অবহিত করেছেন। যেহেতু বর্তমানে আদালতে মামলা রয়েছে। তাই এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।