খালে বাঁধ, বীজতলা নষ্ট
বরগুনার আমতলী উপজেলার ছাতনপাড়া খালে স্থানীয় প্রভাবশালীরা বাঁধ দিয়ে মাছ শিকার করছেন। এতে পানি বের হতে না পারায় ছাতনপাড়া ও ভাইজোড়া গ্রামের কমপক্ষে এক হাজার ২০০ একর কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নষ্ট হয়ে যাচ্ছে আমনের বীজতলা।
স্থানীয় লোকজন জানান, খোকন মোল্লা ২০১১ সালে ছাতনপাড়া খালসংলগ্ন এক একর খাসজমি বন্দোবস্ত নেন। পরে তিনি খাল ও পায়রা নদীর সংযোগস্থলে অবস্থিত একটি কালভার্টসহ খালের একাংশ দখলে নেন। তিনি কালভার্টের ভেতরে খালের ওপর আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছেন। খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারী বর্ষণের সময় দুই পাড়ের কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রতিবছর কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। কৃষক ইউসুফ, আবদুর রব, হুমায়ুন কবির ও কবির হোসেন বলেন, বাঁধ দেওয়ার কারণে কয়েক শ দরিদ্র কৃষক পথে বসছেন। প্রতিকার চেয়ে তাঁরা ২০১২ সালে ইউএনওর কাছে আবেদন করেন। তৎকালীন ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি দপ্তরের জরিপকারী (সার্ভেয়ার) হুমায়ুন কবিরকে দায়িত্ব দেন।
কৃষকদের অভিযোগ, জরিপকারী হুমায়ুন কবির উৎকোচ নিয়ে তদন্ত না করে কৃষকদের আবেদনের ফাইল গায়েব করে দেন। কৃষকেরা বলেন, হুমায়ূন কবির অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর নতুন জরিপকারী আনোয়ার হোসেনের কাছেও তাঁরা বহুবার ধরনা দেন। তিনি ফাইল খুঁজে পাচ্ছেন না বলে কৃষকদের ফিরিয়ে দেন। খোকন মোল্লা বলেন, ‘এ রকম অনিময় অনেকেই করেন, তাই আমিও করছি।’