খালে বাঁধ, ৩০০ বিঘা জমিতে জলাবদ্ধতা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি পানিনিষ্কাশনের কাজে ব্যবহৃত এবটি খালে বাঁধ দিয়ে ঘর নির্মাণ করেছেন স্থানীয় কয়েক ব্যক্তি। এতে প্রায় ৩০০ বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তেজখালী ইউনিয়নের তেজখালী, বিষ্ণুরামপুর, বাহেরচর (বাড়াইলচর) গ্রামের কৃষিজমি বাহেরচর মৌজায় অবস্থিত। তিন গ্রামের বৃষ্টির পানি কাজি বিলে নামে। পরে ওই পানি তেজখালী গ্রামের মাকুয়া খাল হয়ে তিতাস নদে গিয়ে পড়ে। কিন্তু প্রায় পাঁচ মাস আগে তেজখালী গ্রামের কয়েকজন বাসিন্দা গ্রামের মাঝামাঝি পাকা সড়কে খালের ওপর নির্মিত সেতুর পাশে বালু ফেলে ভরাট করে বাড়ি নির্মাণ করেন। এতে মাকুয়া খালে পানি চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে ওই এলাকার প্রায় ৩০০ বিঘা ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। এতে ওই জমির আমন ধান নষ্ট হয়ে যায়। একই কারণে এসব জমিতে কৃষকেরা রবিশস্য ও বোরো ধানের আবাদ করতে পারেননি। প্রায় দুই মাস আগে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
ইউএনও অভিযোগটি তদন্ত করতে তেজখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা কমল রঞ্জন দাসকে নিয়োগ দেন। কমল রঞ্জন দাস ১৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন ইউএনওর কাছে জমা দেন। প্রতিবেদন সূত্রে জানা গেছে, তেজখালী গ্রামের ইউনুছ মিয়া, আয়েব আলী, সাহেব আলী, আতস আলী, মিন্টু মিয়া, ধন মিয়া, মাখন মিয়া ও কনু মিয়া খাল ভরাট করে পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছেন। খাল ভরাট করায় ৮০ থেকে ৯০ একর জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। খাল ভরাটকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে।
১৮ ডিসেম্বর সরেজমিনে তেজখালী, বিষ্ণুরাপুর এলাকায় দেখা গেছে, বিষ্ণুরাপুর গ্রামের দক্ষিণ ও বাহেরচর গ্রামের পশ্চিমে বিস্তৃত জমি কয়েক ফুট পানির নিচে রয়েছে। ভরাট করা জায়গায় দুটি ঘর নির্মাণ করা হয়েছে। তাতে সেতুটি অকেজো হয়ে পড়েছে। সেতুর দক্ষিণ পাশে খালটি শুকিয়ে গেছে।
কমল রঞ্জন দাস প্রথম আলোকে প্রতিবেদন জমা দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
বাহেরচর গ্রামের কৃষক মানিক মিয়া বলেন, তিনি তাঁর চার বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছিলেন। কিন্তু জলাবদ্ধতার কারণে ধান আর ঘরে তুলতে পারেননি।
ইউনুছ মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। অন্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইউএনও মোহাম্মদ শওকত ওসমান বলেন, ‘তেজখালী এলাকায় খালে বাঁধ দেওয়ার বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে পিআইও সাহেবকে বলেছি একটি প্রকল্প দিয়ে বাঁধ দেওয়ার জায়গায় সিমেন্টের মোটা পাইপ স্থাপন করে পানি চলাচলের ব্যবস্থা করে দিতে।’
নাসিরনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (বাঞ্ছারামপুর উপজেলায় অতিরিক্ত দায়িত্বে আছেন) মহিদুল আলম বলেন, শিগগিরই ওই বাঁধে পাইপ বসানোর ব্যবস্থা করা হবে।