
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি এলাকার সংযোগ খালে বাঁশের এবং অবৈধ ঘন জালের বেড়া দিয়ে মাছ চাষ করা হচ্ছে। এ কারণে পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইসলামকাটি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ও আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ১৫ বছর ধরে উপজেলার এক-তৃতীয়াংশ এলাকায় ৮ থেকে ৯ মাস জলাবদ্ধতা দেখা দিচ্ছিল। কিন্তু কপোতাক্ষ নদ ও কয়েকটি সংযোগ খাল খনন এবং খালে নেট-পাটা (ঘন জাল) দিয়ে মাছ চাষ করতে না দেওয়ায় চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বললেই চলে। ইসলামকাটি ইউনিয়ন পরিষদের ওপর দিয়ে প্রবাহিত তিন কিলোমিটার দীর্ঘ সংযোগ খালটি চল্লিশের বিল থেকে সরাসরি কপোতাক্ষ নদে গিয়ে মিশেছে। এই খাল দিয়ে ৪০-৪৫ গ্রামের পানি নিষ্কাশিত হয়। কিন্তু কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের ঘের ব্যবসায়ী কামরুল হাসান ওরফে মধু ও মোস্তাক আহমেদ খালটিতে মাছ চাষ করছেন। তাঁরা ইসলামকাটি গ্রামে মাটি ফেলে খালটি সরু করে বাঁশ ও নেট-পাটার বেড়া দিয়েছেন। প্রায় ছয় মাস ধরে তাঁরা মাছ চাষ করে আসছেন। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গত সোমবার ওই প্রতিবন্ধকতা সরিয়ে দেয়। কিন্তু দুই দিন যেতে না-যেতেই ঘেরের মালিক ভাড়াটে লোকজন এনে আবারও বাঁশের বেড়া ও নেট-পাটা দেন।
জানতে চাইলে ঘের ব্যবসায়ী কামরুল হাসান বলেন, খালটিতে কীভাবে নেট-পাটা দিয়ে মাছ চাষ করা হচ্ছে, তা তিনি জানেন না। এ বিষয়ে তাঁর ব্যবসায়িক অংশীদার মোস্তাক আহমেদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। কিন্তু মোস্তাকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরেননি।
ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন বলেন, কামরুল ও মোস্তাক স্থানীয় বাসিন্দাদের জমি ইজারা নিয়ে মাছ চাষ করছেন। জমির মধ্য দিয়ে ওই খাল প্রবাহিত হয়েছে। বর্তমানে বৃষ্টি না হওয়ায় খাল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না। ফলে খালে নেট-পাটা দেওয়া থাকলেও অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু একটি পক্ষ নেট-পাটার বিষয়টি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদ হোসেন বলেন, এ বিষয়ে তাঁকে কেউ জানাননি। খালে পানিনিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে কাউকে দেওয়া হবে না। বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।