খালে বিএনপি নেতার বাঁধ পানির অভাবে খেত চৌচির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে খাঞ্জাপুর ইউনিয়নের একটি খালে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছেন বিএনপির স্থানীয় এক নেতা। খালে বাঁধ দেওয়ায় প্রায় ১২ হাজার বোরোচাষি তাঁদের জমিতে সেচ দিতে পারছেন না। এ কারণে ফেটে চৌচির হয়ে যাচ্ছে সাড়ে পাঁচ শ একর জমি। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মঙ্গলবার স্মারকলিপি দিয়েছেন চাষিরা। চাষিরা জানান, পাঁচ বছর ধরে একটি সেচ প্রকল্পের ব্যবস্থাপক ও খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মুন্সী ঝুরগা নদী থেকে ইউনিয়নের কমলাপুর-ইল্লা খালে পানি সরবরাহ করতেন। শাহজাহান মুন্সীর কাছ থেকে ওই পানি কিনে নিতেন এলাকার ১০টি সেচ প্রকল্পের ব্যবস্থাপকেরা। এসব ব্যবস্থাপক ইল্লা, কমলাপুর, পূর্ব ইল্লা, তুলাতলা গ্রামের চাষিদের কাছে এই পানি বিক্রি করতেন। সেচ প্রকল্পের ব্যবস্থাপক এমদাদ হোসেন হাওলাদার, মাহবুব হাওলাদার ও হালান তালুকদার জানান, সাত-আট বছর ধরে তাঁরা শাহজাহান মুন্সীর কাছ থেকে পানি কিনে চাষিদের কাছে বিক্রি করতেন। দাম কম পেয়ে চলতি বোরো মৌসুমে তাঁরা অন্য একজনের কাছ থেকে পানি কেনায় শাহজাহান মুন্সী ক্ষুব্ধ হয়ে ১০-১২ দিন আগে খালে বাঁধ দেন। চাষিরা অভিযোগ করেন, শাহজাহান মুন্সী হঠাৎ করে খালের মধ্যে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দেওয়ায় এখন তাঁরা পানির অভাবে সেচ দিতে পারছেন না। এ কারণে ওই ১০টি বোরো সেচ প্রকল্পের আওতাধীন প্রায় সাড়ে পাঁচ শ একর জমি ফেটে যাচ্ছে। চাষি ছিদ্দিক সরদার, মামুন হাওলাদার, কাওসার হোসেন, সালাউদ্দিন বয়াতি, জুরিয়া হাওলাদার, হারুন মুন্সীসহ অনেকেই অভিযোগ করেন, তাঁরা শাহজাহান মুন্সীর কাছে বহুবার ধরনা দিলেও তিনি বাঁধ অপসারণ করেননি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদিন ভূঁইয়া বলেন, বর্তমান সময়ে অধিকাংশ বোরো ধান প্রজনন পর্যায়ে আছে। এ সময় জমিতে দুই-তিন ইঞ্চি পানি অবশ্যই থাকতে হবে। যদি ওই পরিমাণ পানি না থাকে, তাহলে ধান চিটা হয়ে যাবে; কাঙ্ক্ষিত ফসল পাওয়া যাবে না। জানতে চাইলে শাহজাহান মুন্সী বাঁধ দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কোনো প্রতিহিংসা নয়, আমার সেচ প্রকল্পের অধীনে থাকা চাষিদের পানি সরবরাহ করতেই বাঁধ দেওয়া হয়েছে।’ ইউএনও দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, জরুরি ভিত্তিতে বাঁধ অপসারণে ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামকে নির্দেশ দেওয়া হয়েছে। ওসি আবুল কালাম জানান, শাহজাহান মুন্সীকে গত মঙ্গলবার তিন দিনের মধ্যে বাঁধ অপসারণ করতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।