চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে প্রতিদিন মানুষ গুম হচ্ছে, অপহূত হচ্ছে। খালে-বিলে পাওয়া যাচ্ছে লাশ। অথচ সরকার নির্বিকার। তিনি গতকাল বৃহস্পতিবার নগরের মেহেদীবাগের বাসায় পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।আমীর খসরু বলেন, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে লোকজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এক অসহনীয় ও শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে দেশের মানুষ দিন কাটাচ্ছে। তিনি বলেন, জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া উচিত। না হলে জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করবে।বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী কে এম সুফিয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন, পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক খুরশিদ জামিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ন ম মুনির আহমদ চৌধুরী, হাসান মোহাম্মদ, সিরাজুল ইসলাম চৌধুরী।