খালে বেড়া ও মাটির বাঁধ দিয়ে মাছ চাষ
পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান নিষ্কাশন খালের এক কিলোমিটারে চারটি বাঁশের বেড়া ও একটি মাটির বাঁধ দিয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে অবৈধভাবে মাছ চাষ করা হচ্ছে। এতে সাঁথিয়া উপজেলার কয়েকটি বিলের কয়েক শ’ বিঘা ফসলি জমির ধান ও পাট ডুবে গেছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে অভিযোগ পেয়ে সাঁথিয়া উপজেলার ইউএনও গত ১২ এপ্রিল খালটি পরিদর্শন করেন। তিনি ওই দিন সন্ধ্যার মধ্যে খাল থেকে সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ দেন। ১৩ এপ্রিল দুপুর পর্যন্ত সেগুলো অপসারণ করা হয়নি বলে জানা গেছে।জানা যায়, ১৯৯২ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাগেশ্বরী নদীকে প্রধান নিষ্কাশন খালে রূপান্তরিত করে। এই খালের মাধ্যমে বেড়া ও সাঁথিয়া উপজেলার কয়েকটি বিলসহ নিচু এলাকার ফসলি জমি থেকে পানি নিষ্কাশিত হয়। খালটি ইজারা দেওয়ার বিধান নেই। এখানে মাছ চাষেও নিষেধাজ্ঞা রয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সাতানিরচর গ্রামের মাহমুদ আলী, নওশের আলী, ইবাদ আলী, রিয়াজউদ্দিনসহ ১১ জন মিলে খালে মাছ চাষ করছেন। মাস দুয়েক আগে তাঁরা খালের সাতানিরঘাট থেকে সাতানিরচর সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে বাঁশ ও চিকন জাল দিয়ে আড়াআড়িভাবে চারটি বেড়া দেন। এ ছাড়া সাতানিরচর সেতুর পশ্চিম দিকে সামান্য অংশ খোলা রেখে একটি মাটির বাঁধ নির্মাণ করেন তাঁরা।খালে বেড়া দেওয়ায় সাঁথিয়া উপজেলার আঁধারিয়া, ধলাই, গজারিয়া, বাঘারপাড়া, মুক্তাহারসহ কয়েকটি বিলের পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। সমপ্রতি বৃষ্টি হওয়ায় পানি নিষ্কাশনের পথ না পেয়ে বিলগুলোতে পানি আরও বেড়ে যায়। এতে এ পর্যন্ত প্রায় দেড় হাজার বিঘা ফসলি জমি ডুবে গেছে বলে এলাকার কৃষকেরা জানিয়েছেন।চাঁদপুর গ্রামের কৃষক রমজান আলী প্রামাণিক বলেন, ‘আমার চাইর বিঘ্যা জমির ধান গাছে কেবল থোড় (শিষ) আসা শুরু হইছিল। এ অবস্থায় জমি তলায়া যাওয়ায় জমিরথ্যা এক ফোটা ধানও পাব না।’চরভদ্রকোলা গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘অন্য বছর এর চাইতে বেশি বিষ্টি (বৃষ্টি) হলিউ সব পানি বাড়ায়া যায়। কিন্তু এবার খালে বেড়া দিয়্যা মাছ চাষ করায় আমাগরে জমি পানিতে ডুইব্যা এক্কেরে শ্যাষ হয়া গেল।’ক্ষতিগ্রস্ত এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা গোপাল চন্দ্র সেন বলেন, ‘আমার হিসাবে ডুবে যাওয়া ফসলি জমির পরিমাণ ২৫০-৩০০ বিঘার মতো হবে। পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়াতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।’নন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন ইকবাল বলেন, ‘আমার ইউনিয়ন ও পার্শ্ববর্তী ক্ষেতুপাড়া ইউনিয়ন মিলিয়ে অন্তত এক হাজার বিঘা জমির ধান ও পাট ডুবে গেছে। খালে বাঁধ ও বেড়া দেওয়াতেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে।’মাছ চাষকারী মাহমুদ আলী, ইমরান আলীসহ কয়েকজন জানান, এবারই প্রথম তাঁরা সেখানে মাছ ছেড়েছেন। এ জন্য খালটি ইজারা বা পাউবোর অনুমতি নেওয়ার বিষয়টি তাঁদের জানা নেই। বেড়া বা মাটির বাঁধের কারণে পানি আটকাচ্ছে না দাবি করে তাঁরা বলেন, প্রয়োজনে সেগুলো তুলে নেওয়া হবে।সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘তারা যেভাবে মাছ চাষ করছে, তা পুরোপুরি অবৈধ। প্রতিবন্ধকতা সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’