খালে মিলল যুবদল নেতার মাথাবিহীন লাশ
ফেনী-সোনাগাজী সীমান্তের নবাবপুর ব্রিজের পাশে কালিদাস-পাহালিয়া খাল থেকে বস্তাবন্দী অবস্থায় মাথাবিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নিজের সন্তান আবুল কালামের (২৭) বলে শনাক্ত করেছেন সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসবা গ্রামের বিবি জোলেখা। কালামের বাবা মৃত দলিল রহমান। আবুল কালাম লেমুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং পাঁচজনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেছেন বিবি জোলেখা। এ মামলায় পুলিশ শেখ বাহাদুল বাবুল (৩২) ও মো. মোস্তফা (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। বিবি জোলেখা অভিযোগ করেন, ২০১২ সালের ২০ অক্টোবর এলাকার নারায়ণপুর গ্রামের জমির উদ্দিন নামের এক ব্যক্তি খুন হন। এরপর তাঁর ছেলে আবুল কালামকে ওই খুনের মামলায় আসামি করা হয়। তখন থেকে আসামিদের সঙ্গে তাঁর ছেলের শত্রুতা চলছিল। গত সোমবার বিকেলে তাঁর ছেলে আবুল কালামকে সন্ত্রাসীরা ফাজিলপুর মীর বাড়ির পুকুরপাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে লাশটি অজ্ঞাতস্থানে নিয়ে যায়।