খালে শ্রমিক লীগ নেতার বাঁধ
মেঘনা নদী থেকে খালটি প্রবাহিত হয়েছে গ্রামে। বছরজুড়ে খালে পানি থাকে। গ্রামের জেলেরা এ খাল দিয়ে পদ্মা-মেঘনা নদীতে মাছ শিকারে যায়। সেই খালে বাঁশ-জালের বাঁধ দিয়েছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নাসির দেওয়ান।গ্রামবাসী জানান, গোসাইরহাট উপজেলার চানখাঁরচর গ্রামের ভেতর দিয়ে একটি খাল মেঘনা নদীতে মিশেছে। এ খাল দিয়ে হাজির আলী দেওয়ানপাড়া, মন্তা দেওয়ানপাড়া ও ছৈয়ালপাড়া গ্রামের বাসিন্দারা ইঞ্জিনচালিত নৌকা ও নৌকা দিয়ে চলাচল করে এবং জেলেরা এ পথ দিয়ে পদ্মা-মেঘনায় মাছ ধরতে যায়। এ খালে বাঁশ ও জাল দিয়ে বাঁধ তৈরি করে ২০০০ সাল থেকে মাছ শিকার করছেন নাসির দেওয়ান। প্রতিদিন এখান থেকে চার-পাঁচ হাজার টাকার এবং প্রতিবছর অক্টোবরের শেষে দুই প্রান্তে মাটির বাঁধ দিয়ে পাম্পমেশিনের সাহায্যে পানি নিষ্কাশন করে ৮-১০ লাখ টাকার মাছ পাওয়া যায়। পাম্পমেশিন দিয়ে পানি নিষ্কাশনের ফলে খালের ওপর নির্মিত একটি ১৮ মিটার আরসিসি সেতু ২০০৫ সালে ধসে পড়ে। এলজিইডি ২০০৩ সালে ২০ লাখ টাকায় সেতুটি নির্মাণ করে। শরীয়তপুর জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, প্রবাহমান খাল বন্ধ করে বাঁশের তৈরি চাঁই দিয়ে মাছ শিকার অবৈধ। প্রবাহমান খাল বন্ধ করে পানি নিষ্কাশন করে মাছ শিকারও অবৈধ। চানখাঁরচর গ্রামের বাসিন্দা হাসেম মাঝি (৫৫) বলেন, নাসির দেওয়ান প্রভাবশালী হওয়ায় জোর করে খাল বন্ধ করে মাছ শিকার করছেন। গ্রামের কেউ প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। নাসির দেওয়ান বিষয়টি স্বীকার করে বলেন, এতে গ্রামবাসীর কিছু অসুবিধা হচ্ছে—বিষয়টি স্থানীয়ভাবে তাদের সঙ্গে বুঝে নেওয়া হয়েছে। খালে মাছ শিকার করতে প্রশাসনের অনুমতির বিষয়টি তিনি জানতেন না বলে জানান। এলজিইডি গোসাইরহাট উপজেলা প্রকৌশলী অরবিন্দচন্দ্র রায় জানান, খালে বাঁধ দিয়ে মাছ শিকারের ফলে সেতু ধসে পড়ার কোনো খবর তাঁদের জানা নেই। খোঁজ নিয়ে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে তাঁদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।