সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল খালেক মণ্ডলকে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ৮ অক্টোবর তাঁর বিরুদ্ধে মামলার নথি দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত দুই সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। এ সময় খালেক মণ্ডল ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
খালেক মণ্ডলকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য গতকাল ট্রাইব্যুনালে আবেদন জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজিয়া সুলতানা। তিনি বলেন, খালেক মণ্ডলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের প্রাথমিক উপাদান পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। এ জন্য তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হোক।
পরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে খালেক মণ্ডলকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, ৮ অক্টোবরের মধ্যে তাঁর বিরুদ্ধে মামলার নথি রাষ্ট্রপক্ষকে জমা দিতে হবে।
গত এপ্রিল মাসে সাতক্ষীরায় নাশকতার তিনটি মামলায় খালেক মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় থেকে তিনি কারাগারে আছেন।