খালেক হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন তাঁর ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে গতকাল রোববার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মো. রফিকুল ইসলাম। জবানবন্দিতে তিনি মুক্তিযুদ্ধকালে তাঁর বাবা মুক্তিযোদ্ধা আবদুল খালেক হত্যাকাণ্ডের বিবরণ দেন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রফিকুলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। মোবারক এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে গত ২৭ মে জবানবন্দি দেন রফিকুলের বড় বোন খোদেজা বেগম। গতকাল রফিকুলের দেওয়া জবানবন্দি ছিল তাঁর বোনের জবানবন্দির অনুরূপ।

জবানবন্দিতে রফিকুল বলেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ছাতিয়ান গ্রামে। মুক্তিযুদ্ধকালে তাঁর বয়স ছিল ১২ বছর। তাঁর বাবা শহীদ মুক্তিযোদ্ধা আবদুল খালেক আনসার কমান্ডার ছিলেন। একাত্তরের ৯ নভেম্বর রাতে তাঁর বাবা বাড়ি যান। ১১ নভেম্বর এলাকায় পাকিস্তানি সেনা ও রাজাকারদের আসার খবর পেয়ে তাঁর বাবা পালানোর সময় ধরা পড়েন। রাজাকাররা তাঁর বাবাকে ধরে সুহিলপুর ইউনিয়ন পরিষদে রাজাকার ও পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যায়। মোবারক হোসেন ছিলেন ওই রাজাকার ক্যাম্পের কমান্ডার। পরদিন তাঁর বাবার লাশ তিতাস নদীর পাড়ে পড়ে থাকতে দেখা যায়। পরে লাশ এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জবানবন্দি শেষে রফিকুলকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা শেষে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৯ জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।