খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেলেন কবি আসাদ চৌধুরী
কবিতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কবি আসাদ চৌধুরীকে গত সোমবার খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে। নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় বকুলতলা প্রাঙ্গণে ২১তম বসন্তকালীন সাহিত্য উৎসবে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গত সোমবার ফাল্গুনের প্রথম দিনের সকাল থেকেই বকুলতলায় সমবেত হন নানা বয়স ও শ্রেণি-পেশার অগণিত সাহিত্যামোদী মানুষ। সকাল ১০টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দিনব্যাপী এ উৎসবে চলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা, ছড়া ও গল্পপাঠ।
উৎসবের দ্বিতীয় পর্বে রাত পৌনে নয়টার দিকে সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি সরোজ মোস্তফা। আলোচনা করেন কবি নির্মলেন্দু গুণ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রধান মো. কামাল উদ্দিন, কবি আহমেদ স্বপন মাহমুদ, কবি মাসুম মোকাররম প্রমুখ। পরে কবি আসাদ চৌধুরীর হাতে সংগঠনের সভাপতি ‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ১৪২৩’ তুলে দেন। পুরস্কার হিসেবে কবিকে দেওয়া হয় ১০ হাজার টাকা ও ক্রেস্ট।
কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘আসাদ চৌধুরীর অধিকাংশ কবিতায় স্বাধীনতার পাশাপাশি গ্রামীণ জীবন প্রতিভাত হয়েছে। যাঁরা ছোটগল্প লেখেন, নাটক লেখেন, উপন্যাস লেখেন তাঁরা যদি গ্রামের সঙ্গে সম্পর্কিত হন, তবে আমরা একটি নতুন মাত্রা পাব।’
আসাদ চৌধুরী বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলো ভোটের আগে অসাম্প্রদায়িক ও গণতন্ত্রের কথা বলে অনেক বড় বড় বুলি আওড়ায়। আমরা যদি কবিতা ভালোবাসি, নাটক ভালোবাসি, জারি-সারি, বাউলগান ভালোবাসি তাহলে আমাদের একটা জায়গায় আসতে হবে। শুধু বক্তব্য দিলে হবে না। এই ফাঁকা বুলিতে আর আমরা আস্থা রাখি না।’