খালেকের উন্নয়ন চাপা পড়েছে জাতীয় ইস্যুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় ইস্যুগুলোই জয়-পরাজয়ে বড় ভূমিকা রেখেছে। স্থানীয় নির্বাচনে জাতীয় ইস্যুগুলোর সফল ব্যবহারই বিএনপি-সমর্থিত প্রার্থী মনিরুজ্জামানকে জয়ী করেছে। ব্যর্থ হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তালুকদার আবদুল খালেক। এবারের নির্বাচনী প্রচারণায় শুরু থেকেই হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সরকারের আচরণের বিষয়টি বেশ গুরুত্ব পায়। বিএনপির একাধিক সভায় ‘এই সরকারের আমলে দাড়ি-টুপির অবমাননা’ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বিভিন্ন এলাকায় হেফাজতের সমাবেশে অসংখ্য মানুষ হত্যা করা হয়েছে বলে প্রচারপত্রও বিলি করা হয়। তবে এসব প্রচারণার সঠিক জবাব দিতে ব্যর্থ হয়েছে স্থানীয় আওয়ামী লীগ। প্রার্থী তালুকদার আবদুল খালেক নিজেই তা স্বীকার করেছেন। গতকাল রোববার দুপুরে খুলনায় তাঁর বাসায় প্রথম আলোকে তিনি বলেন, ‘গত ৫ মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে মিথ্যা প্রচারের সঠিক জবাব দিতে আমরা ব্যর্থ হয়েছি।’এবারের নির্বাচনে তালুকদার খালেকের পক্ষে কাজ করেছেন সাবেক স্পিকার ও বিএনপির সাবেক নেতা শেখ রাজ্জাক আলী। তিনি বলছিলেন, স্থানীয় সরকার নির্বাচন হলেও এখানে স্থানীয় ইস্যুগুলো প্রভাব ফেলেনি। খালেক যে কাজ করেছেন, সেগুলো চাপা পড়ে গেছে জাতীয় ইস্যুতে। নাগরিক ফোরাম, খুলনার চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম বলেন, সরকারের অনেক অর্জন আছে। কিন্তু সেগুলোর উল্লেখ তো হয়নি বরং কোনো জাতীয় প্রসঙ্গ যাতে না আসে, সে বিষয়ে সচেষ্ট থাকতে দেখা গেছে তালুকদারের প্রচারণায়। এটা মানসিকভাবে দুর্বলতার লক্ষণ বলে মনে করেন তিনি।অতি আত্মবিশ্বাস: তালুকদার আবদুল খালেক এ পর্যন্ত ছয়টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। হারেননি একটিতেও। এটি কী তাঁকে বেশি আত্মবিশ্বাসী করে তুলেছিল বিজয়ের ব্যাপারে? অনেকেই বলেছেন এই আত্মবিশ্বাস তাঁকে একলা চলো নীতি নিতে প্রলুব্ধ করেছে। তবে শেষাবধি এটিই তাঁর জন্য কাল হয়েছে।খুলনা সদর আসনে খারাপ ফল করলেও তা পূরণ হবে খালিশপুর-দৌলতপুরের ভোট দিয়ে, এমন আশা ছিল আওয়ামী লীগের। বন্ধ মিল চালু, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন বড় ব্যবধানে ভোটে বিজয়ী হতে সাহায্য করবে। গত নির্বাচনে এখান থেকে প্রায় ১৬ হাজার ভোটে জিতেছিলেন তালুকদার খালেক। কিন্তু এবার সেখানে প্রায় ১৪ হাজার ভোটে হেরে যান তিনি। সেখানকার সাংসদ মন্নুজান সুফিয়ানের কয়েকজন নিকটাত্মীয়ের কর্মকাণ্ড এবারের খারাপ ফলাফলের কারণ বলে আওয়ামী লীগের একাধিক নেতা মনে করেন। আচরণ: নির্বাচনে তালুকদার খালেকের আচরণের বিষয়টি ছিল অন্যতম ইস্যু। বিশেষ করে দলের নেতা-কর্মীরা তাঁর আচরণে অসন্তুষ্ট ছিলেন। প্রকাশ্যে দুজনকে চড় মারার ঘটনা সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এ ইস্যুটিকে তাঁর প্রতিপক্ষ সামাজিক যোগাযোগের মাধ্যম ও প্রচারপত্রে ছড়িয়ে দেয়। দলে অন্তঃকোন্দল: খোদ তালুকদার আবদুল খালেক স্বীকার করেছেন, দলের অভ্যন্তরীণ কোন্দল পরাজয়ে ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘অনেকেই সামনাসামনি কাজ করছে বলে দেখিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে বিরোধিতা করেছে।’ অন্যদিক নির্বাচনে বিএনপি অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে পরিকল্পিতভাবে নির্বাচনী মাঠে নামতে সক্ষম হয়। ১৮-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতও তাদের সব রকম সহযোগিতা করেছে।