খালেকের মনোনয়নপত্র বাতিলে মঞ্জুর আবেদন খারিজ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন আপিল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার আপিল শুনানি শেষে সন্ধ্যায় রায় দেওয়া হয়। এ ছাড়া আগে বাতিল হওয়া ১৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
তালুকদার আবদুল খালেক হলফনামায় তথ্য গোপন করেছেন, এমন অভিযোগ তুলে মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন বিএনপি মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আজ আপিল কর্তৃপক্ষ ওই আবেদন নামঞ্জুর করেছেন। এর ফলে মেয়র পদে নির্বাচন করতে তালুকদারের আর কোনো বাধা থাকল না।
মঞ্জুর ওই আবেদনের পর খুলনায় দুই প্রার্থী এবং তাঁদের দলীয় নেতা-কর্মীরা বাগ্যুদ্ধে লিপ্ত হন। মঞ্জুর বিরুদ্ধে তথ্য গোপনের পালটা অভিযোগ তোলেন তালুকদার আবদুল খালেক এবং আওয়ামী লীগ নেতারা।
৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল
নির্বাচন কমিশনে হলফনামা যাচাই-বাছাই করার সময় মোট ২৮ জন সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরের মনোনয়ন বাতিল হয়। এর মধ্যে ২৪ জন আপিল শুনানির আবেদন করেছিলেন। শুনানি শেষে ১৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
চারজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর আবেদন বাতিল হয়। এঁরা হলেন ৬ নম্বর ওয়ার্ডের শামীমা আরা পারভীন, ৮ নম্বর ওয়ার্ডের রুমা রানী চক্রবর্তী, ৯ নম্বর ওয়ার্ডের রীনা রহমান ও ১০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রোকেয়া ফারুক। এর মধ্যে রোকেয়া ফারুকের মনোনয়নপত্র স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরদিন সেটিকে আবার বৈধ ঘোষণা করা হয়। কিন্তু প্রতিপক্ষের আপিলে তাঁর মনোনয়নপত্র বাতিল হলো।
মনোনয়ন বাতিল হওয়া সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা হলেন, ২ নম্বর ওয়ার্ডের রাজা খান, ৫ নম্বর ওয়ার্ডের মুকুল শেখ, ২২ নম্বর ওয়ার্ডের মাসুদ পাটোয়ারি ও ৩১ নম্বর ওয়ার্ডের মো. আসলাম হোসেন।