খালেকের ৩১ দফা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল-সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক ৩১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার করে নির্বাচনে তাঁকে জয়ী করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তালুকদার খালেক এই ইশতেহার ঘোষণা করেন। ২০০৮ সালের নির্বাচনের আগে খালেক ২৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন। এর মধ্যে পূরণ করতে পারেননি, এমন ১৫টি প্রতিশ্রুতি এবারও তিনি দিয়েছেন। ইশতেহারে ৩১ দফার মধ্যে রয়েছে, নগর শাসনব্যবস্থা প্রবর্তন, নগর পরিকল্পনায় পরামর্শক কমিটি গঠন, করপোরেশনকে দুর্নীতিমুক্ত রাখা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পূর্ণাঙ্গ আইটি ভিলেজ গড়া, বিনা মূল্যে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুযোগ সৃষ্টি, সোলার পার্ক আধুনিকায়ন, ভাষাশহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ, বধ্যভূমিগুলোর স্মৃতি সংরক্ষণ, সুইমিংপুল স্থাপন, বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তা প্রদান, প্রস্তাবিত তিনটি থানা পরিকল্পিতভাবে গড়ে তোলা, আধুনিক কসাইখানা নির্মাণ, খালিশপুর ও রূপসা শিল্পাঞ্চলের উন্নয়ন, খুলনা মহানগরের সম্প্রসারণ এবং নগর ভবনের জবাবদিহি নিশ্চিত করা ইত্যাদি।