খালেদ মোশাররফ হত্যার বিচার চান সাংসদ কন্যা
মুক্তিযুদ্ধে ‘কে’ ফোর্সের অধিনায়ক মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম হত্যার তদন্ত ও বিচার দাবি করেছেন তাঁর মেয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ৷ গতকাল রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন৷
প্রধানমন্ত্রীর উদ্দেশে মাহজাবিন খালেদ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে৷ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার চলছে৷ আমি আমার বাবাসহ পঁচাত্তর-পরবর্তী সব মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের হত্যার বিচার চাই৷’
‘পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন বলেই জিয়াউর রহমানকে সেনাপ্রধান করেছিলেন খুনি মোশতাক’—এ দাবি করে মাহজাবিন বলেন, ‘আমার দাদি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন বলেই কি আমার বাবাকে হত্যা করা হয়েছে?’
বক্তৃতায় বঙ্গবন্ধুকে হত্যার পর নিজের পরিবারের দুর্দশার কথা তুলে ধরে এর জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তাঁর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দায়ী করেন মাহজািবন৷ তিনি বলেন, ‘জিয়াউর রহমানের মতো তাঁর স্ত্রীও আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন৷ সরকারের পক্ষ থেকে আমার মাকে যে বাড়ি দেওয়া হয়েছিল, সেখান থেকে আমাদের উচ্ছেদের ষড়যন্ত্র করেছেন খালেদা জিয়া৷’
খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে মাহজাবিন বলেন, ‘যাঁর স্বামী একটি ফোর্সের নেতৃত্বে ছিলেন, তিনি ক্যান্টনমেন্টে আয়েসি জীবন যাপন করছিলেন৷ অথচ তাঁকে নিয়ে পাকিস্তানি বাহিনী বিব্রত হয়নি৷ যেসব মুক্তিযোদ্ধা খালেদা জিয়াকে ভারতে নিয়ে যেতে বলেছিলেন, তাঁদেরকে তিনি পাকিস্তানি বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন৷’ তিনি আরও বলেন, পাকিস্তানি বাহিনীর সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে জিয়াউর রহমান খালেদা জিয়াকে ঘরে তুলতে চাননি৷ বঙ্গবন্ধুর হস্তক্ষেপে জিয়া তাঁকে মেনে নেন৷
মুক্তিযুদ্ধের সময় খালেদ মোশাররফ পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে আহত হয়েছিলেন৷ ১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের সমর্থনে প্রতিষ্ঠিত সরকারকে ৩ নভেম্বর উৎখাত করেছিলেন৷ কিন্তু ৭ নভেম্বর পাল্টা এক অভ্যুত্থানে তিনি নিহত হন৷