খালেদ মোশাররফ হত্যার বিচার দাবি মুক্তিযোদ্ধাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টর কমান্ডার ও কে ফোর্সের অধিনায়ক মেজর জেনারেল খালেদ মোশাররফ হত্যার বিচার দাবি করেছেন মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে ১৯৭৫ ও এর পরবর্তী সময়ে যেসব মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে।
খালেদ মোশাররফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি করা হয়। গতকাল রোববার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করেন ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা। এর উদ্যোক্তা ছিলেন খালেদ মোশাররফের কন্যা সাংসদ মাহ্জাবিন খালেদ।
মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এমন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন সমাবেশে। তাঁরা খালেদ মোশাররফকে হত্যার জন্য সাবেক সেনাশাসক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দায়ী করেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘১৯৭৫ সালে ৭ নভেম্বর উসকানিমূলক স্লোগান দিয়ে খালেদ মোশাররফকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর হত্যার যেমন বিচার হয়েছে, তেমনি খালেদ মোশাররফ হত্যার বিচার কামনা করি।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মুক্তিযুদ্ধের সময় খালেদ মোশাররফ ছিলেন তাঁদের আদর্শের জায়গা। মাহ্জাবিন খালেদ মুক্তিযুদ্ধের সময় তাঁদের ঢাকায় রেখে বাবা খালেদ মোশাররফ কীভাবে যুদ্ধে যান এবং তাঁদের দুই বোন কীভাবে আটক হয়েছিলেন তা বর্ণনা করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, গেরিলা মুক্তিযোদ্ধা সাংসদ গাজী গোলাম দস্তগীর, মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ খান, পদ্মা রহমানসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা।