খালেদ মোশাররফকে নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান
মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের কমান্ডার ও কে ফোর্সের অধিনায়ক খালেদ মোশাররফ নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে খালেদ মোশাররফ স্মৃতি পরিষদ। গতকাল মঙ্গলবার পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কতিপয় দায়িত্বশীল ব্যক্তি খালেদ মোশাররফ সম্পর্কে অসত্য, বানোয়াট ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘গত ৮ নভেম্বর জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, খালেদ মোশাররফ আঁতাতকারী। তিনি বঙ্গবন্ধুর খুনিদের পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। যাঁরা খালেদ মোশাররফকে মহিমান্বিত করার চেষ্টা করছেন, তাঁদের সতর্ক হতে বলব।’
বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তি দিতে মোশতাক সরকারকে অপসারণের উদ্যোগ নিয়েছিলেন খালেদ মোশাররফ। তাঁর উদ্যোগ অনেকটাই সফল হয়েছিল। কিন্তু পাকিস্তানের অনুসারীরা জিয়া-মোশতাক চক্রের সঙ্গে হাত মিলিয়ে জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা তাঁর উদ্যোগকে ব্যর্থ করে দেয়। তারা শুধু খালেদ মোশাররফ নয়, কর্নেল এ টি এম হায়দার, কর্নেল নাজমুল হুদাসহ আরও অনেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করে।
বিবৃতিতে বলা হয়, জাসদ জিয়াউর রহমানকে ক্ষমতায় বসায়। সেই সুযোগে বঙ্গবন্ধুর খুনিরা পালিয়ে যায়। এ জন্য খালেদ মোশাররফ নন, বরং তাহেরের বিপ্লবী সৈনিক সংস্থা দায়ী।