খালেদা অবরোধ ডেকে ঘুমান: হাছান মাহমুদ

‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অবরোধ ডেকে সারা দিন ঘুমান আর রাত ১০টার পরে স্থায়ী কমিটির অস্থায়ী সদস্যদের নিয়ে মিটিং করেন। এই কমিটিতে খালেদা জিয়া ও তাঁর পুত্র ছাড়া অন্যরা সবাই অস্থায়ী সদস্য। অবরোধে গাড়ি পোড়ানোর কারণে দেশের মানুষ গাড়ি ব্যবহার করতে না পারলেও স্থায়ী কমিটির এসব সদস্য গাড়িতে চড়েই খালেদা জিয়ার কাছে যান।’
আজ বুধবার সন্ধ্যায় রাঙ্গুনিয়ার রোয়াজার হাট রাঙ্গুনিয়া ক্লাব মাঠে বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
বনমন্ত্রী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থা চিরতরে শেষ করে দেওয়ার জন্য লাগাতর অবরোধ ডেকে মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। অবরোধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দোকানদার ও সিএনজিসহ বিভিন্ন গাড়ির চালকেরা।’
হাছান মাহমুদ বিরোধী দলের কর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘রাঙ্গুনিয়ায়ও যারা রাস্তায় এসে গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন, তাঁদের আর ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সারা দেশের ন্যায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে তাদের বাবা ভাইদেরও আইনের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ নেওয়া হবে।’
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জসিম প্রমুখ।