রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ উদ্বোধন
খালেদা আমাকে কখনো মেনে নেবেন না: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘একগুঁয়ে’ মনোভাবের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি খুব ভালোভাবে জানি, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কখনো আমাকে মেনে নেবেন না।’
গতকাল বুধবার পাবনার ঈশ্বরদী উপজেলায় এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেন তিনি। বিকেলে প্রকল্প-সংলগ্ন মাঠে ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি।
প্রায় ৩০ মিনিটের বক্তৃতায় বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি-জামায়াতের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চান।
প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া একজন খুনি ও মিথ্যাবাদী। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের বহু নেতা-কর্মীকে খুন করেছেন। ১৭ আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিলেন।’
আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। তাঁর দল আবার ক্ষমতায় এলে দেশের প্রতিটি উপজেলায় একটি কলেজ ও একটি বিদ্যালয় সরকারি করা হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের জনগণ খাদ্য, আশ্রয়, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ পায়। অন্যদিকে বিএনপি ক্ষমতায় থাকলে খাদ্য উৎপাদন ও মানুষের আয়ু কমে যায়।’
প্রধানমন্ত্রী পাবনা জেলার বিভিন্ন এলাকার ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কাজ উদ্বোধন: জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন। ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নীতিমালা অক্ষরে অক্ষরে অনুসরণ করছি।’
শেখ হাসিনা আরও বলেন, ‘যেকোনো ধরনের দুর্যোগে আমাদের এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকটা খেয়াল রেখে এই প্ল্যান্টের ডিজাইন করা হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রথমেই প্রয়োজন বিদ্যুৎ। তাই আমরা প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি।’
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও রোসাটোমের পরিচালক সের্গেই কিরিস্কোর।
১৯৬১ সালে প্রথম দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১৯৬২ থেকে ১৯৬৮ সালে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী রূপপুর গ্রামকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্থান হিসেবে বেছে নেওয়া হয়। এ সময় প্রকল্পের জন্য ২৬০ একর ও আবাসিক এলাকার জন্য ৩২ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু কিছু স্থাপনা তৈরির পর থেমে যায় সব আয়োজন। স্বাধীনতার পর ১৯৭২ সালে আবার এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়।