
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আহমদ শফীকে উদ্দেশ করে বলেছেন, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় গেলে নাকি ড. মুহাম্মদ ইউনূসকে খুব সম্মান জানাবেন। তিনি বলেন, ‘এই যে খালেদা জিয়া ড. ইউনূসের পক্ষে গেলেন এ সম্পর্কে আপনার বক্তব্য কী? জনগণ জানতে চায়।’
আজ বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন পরিষদে গরিব ও দুস্থদের ভিজিএফের চাল ও ত্রাণসামগ্রী বিতরণকালে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সমকামিতা এ দেশে অবৈধ, হারাম। সে জায়গায় ড. ইউনূস আন্তর্জাতিকভাবে সমকামিতাকে সমর্থন দিয়েছেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে মানবতাবিরোধী অপরাধীদের বিচার চলছে। যখন রায় হয় জামায়াত ইসলাম হরতাল ডাকে, গাড়িতে আগুন দেয়। আর তাদের বিএনপি সমর্থন দেয়। জামায়াতের নামে যখন সুবিধা হয় না তখন হেফাজতকে মাঠে নামান। আপনাদের খেলা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকায় সপ্তাহব্যাপী ভিজিএফ বিতরণ কর্মসূচির প্রথম দিনে উপজেলার তিনটি ইউনিয়নে ছয় হাজার ৭৮৯ জনকে ১০ কেজি করে চাল, ১২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে থ্রিপিস ও শাড়ি দেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা পরিষদের প্রশাসক আবদুল হালিম, জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।