খালেদা, এরশাদ ও মায়ার ছেলেসহ ১৩ জনের ব্যাংক হিসাব চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিবিদ, রাজনীতিবিদের সন্তান, ব্যবসায়ীসহ ১৩ ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে গত বৃহস্পতিবার বিকেলে ব্যাংকগুলোতে এই চিঠি পাঠানো হয়। গতকাল রোববার ব্যাংকগুলো এই চিঠি পায় বলে জানা গেছে।
যাঁদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচ এম এরশাদের ছেলে এবং সরকারের ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলেও রয়েছেন।
একটি সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায় থেকে এই তথ্য চাওয়া হয়েছে।
বিএফআইইউ মুদ্রা পাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং সন্দেহজনক লেনদেন নিয়ে কাজ করে থাকে। তবে সরকারের বিভিন্ন সংস্থা যেমন—দুর্নীতি দমন কমিশন, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল তদন্তের জন্যও এসব তথ্য বিএফআইইউর মাধ্যমে সংগ্রহ করে থাকে।
বিএফআইইউর দেওয়া চিঠিতে ১৩ জনের নামের তালিকা রয়েছে। তালিকায় এইচ এম এরশাদের ছেলে রাহগীর আল মাহী এরশাদ ওরফে সাদ এরশাদ, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে সাজেদুল হক চৌধুরী ওরফে দীপু চৌধুরী, ঢাকার স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম, ঢাকা মহানগর যুবলীগের সভাপতি (দক্ষিণ) ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট, ফেনী সদরে আওয়ামী লীগের সাংসদ নিজাম উদ্দিন হাজারী; বিএনপির নেতাদের মধ্যে সাবেক পরিবেশমন্ত্রী শাজাহান সিরাজ এবং তাঁর ছেলে রাজীব সিরাজ, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের (প্রয়াত) বড় ছেলে এম নাসের রহমান, সাবেক সাংসদ এম এ এইচ সেলিম (সিলভার সেলিম) এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদউদ্দিন মানিকের নাম আছে।
এ ছাড়া রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডন, বিলুপ্ত ওরিয়েন্টাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুনের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘....সংযুক্তিতে বর্ণিত ব্যক্তিবর্গের নামে বা তাঁদের স্বার্থসংশ্লিষ্ট কোনো হিসাব অতীতে ও বর্তমানে পরিচালিত হয়ে থাকলে উক্ত হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য (সংশ্লিষ্ট কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী) পত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে এ ইউনিটে প্রেরণের জন্য পরামর্শ প্রদান করা হলো।’