জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের করা আবেদন দুটি হাইকোর্টের নতুন বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।গতকাল বুধবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে আবেদন দুটি শুনানির জন্য পাঠানো হয়।এর আগে ৬ জানুয়ারি বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে আবেদন দুটি শুনানির জন্য ছিল। ওইদিন ওই আদালতের শুনানির এখতিয়ার নিয়ে সরকারপক্ষ প্রশ্ন তোলায় এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন সংশ্লিষ্ট বেঞ্চ।জানতে চাইলে খালেদা জিয়া ও তারেকের আইনজীবী মাহবুব উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতি আবেদন দুটি বিচারপতি ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।মামলাটি বাতিলের জন্য খালেদা জিয়া ও তারেক রহমান গত বছরের ১৫ সেপ্টেম্বর হাইকোর্টে পৃথক আবেদন করেন। গত ১৫ অক্টোবর হাইকোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা কেন বাতিল করা হবে না, তা জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করেন। এরপর গত বছরের ১১ নভেম্বর মামলাটির কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া ও তারেক রহমান।২০০৭ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি করেন। তাতে খালেদা জিয়া এবং তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানসহ সাতজনকে আসামি করা হয়।