বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা কার্যক্রমে স্থগিতাদেশ দেননি হাইকোর্ট। তবে আদালত আবেদন দুটি নথিভুক্ত করে দ্রুত রুল শুনানির জন্য নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্টে এই মামলাটি বাতিলের জন্য খালেদা জিয়া ও তারেক রহমান পৃথক আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা কেন বাতিল করা হবে না, তা জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করেন। গত ১১ নভেম্বর মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে তাঁরা দুজন হাইকোর্টে আবেদন করেন। এরপর ৬ জানুয়ারি বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটি শুনানির জন্য থাকা অবস্থায় আদালতের শুনানির এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠায় পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি পরে বিষয়টি গতকাল আদেশ প্রদানকারী আদালতে শুনানির জন্য পাঠিয়ে দেন। ২৭ জানুয়ারি আদালত ২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। ২ ফেব্রুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে আদালত গতকাল আদেশের দিন ধার্য করেন। আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আনিসুল হক এবং খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে আইনজীবী রফিক উল হক, মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন খোকন মামলা পরিচালনা করেন।দুদকের কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের জানান, আদালত আবেদন দুটি নথিভুক্ত করে দ্রুত রুল শুনানির উদ্যোগ নিতে পক্ষগণকে নির্দেশ দিয়েছেন, তবে কোনো স্থগিতাদেশ দেননি। রুল বিচারাধীন রয়েছে এবং শুনানির জন্য প্রস্তুত রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রুল শুনানির পর্যায়ে থাকা অবস্থায় বিচারিক আদালত পদক্ষেপ নিলে তা হাইকোর্টের প্রতি অবমাননা হয়। তাই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরোদমে মামলা চলবে না। এই মামলার বিচারিক আদালতে ৩ মার্চ পরবর্তী দিন ধার্য রয়েছে। স্থগিতাদেশ না দেওয়ার ফলে আসামিদের আদালতে হাজির হতে হবে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিপক্ষ বিচারিক আদালতে সময়ের আবেদন জানালে দুদকের পক্ষ থেকে আপত্তি জানানো হবে না। রুল শুনানি প্রশ্নে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে।মওদুদ আহমেদ প্রথম আলোকে বলেন, যত দিন রুলের ওপর পূর্ণাঙ্গ শুনানি না হবে, তত দিন সময়ের আবেদন জানালে সময় দেওয়ার কথা বলা হয়েছে। তাই এই মামলার কার্যক্রম চলবে না। রুল শুনানি প্রশ্নে তিনি বলেন, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, ২০০৭ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে রমনা মডেল থানায় খালেদা জিয়া, তারেক রহমান ও কোকোসহ সাতজনের বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন।