খালেদা ও তারেকের আবেদনের ওপর শুনানি ২৭ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের করা আবেদনের ওপর শুনানি ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল রোববার দুপুরে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই দিন ধার্য করেন।দুপুরে শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক সময়ের জন্য আবেদন জানালে আদালত ২৭ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানের আইনজীবী রফিক উল হক আদালতে উপস্থিত ছিলেন।এর আগে ৬ জানুয়ারি বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে আবেদন দুটি শুনানির জন্য উত্থাপন করা হয়। ওইদিন রাষ্ট্রপক্ষ আদালতের শুনানি করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললে আদালত এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। পরে ১২ জানুয়ারি প্রধান বিচারপতি স্থগিতের আবেদন দুটি শুনানির জন্য ওই বেঞ্চে পাঠান।১৪ জানুয়ারি আদালত উভয় পক্ষের সংক্ষিপ্ত শুনানি নিয়ে ১৯ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। ওই দিনই আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ ২৪ জানুয়ারি ধার্য করেছিলেন।২০০৭ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে রমনা মডেল থানায় খালেদা জিয়া, তারেক রহমান ও কোকোসহ সাতজনের বিরুদ্ধে এ মামলা করেছিলেন।