খালেদা ও নিজামী যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেছেন, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী যুদ্ধাপরাধীদের বিচার চান না। তাঁরা বিচার বানচালের ষড়যন্ত্র করছেন। গতকাল রোববার মোহাম্মাদপুর বিআরটিসি বাসস্ট্যান্ডে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মহানগর ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি বিএনপির ভেতরে থাকা যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে তাঁদের তালিকা সরকারের হাতে দিয়ে বিচারকাজে সহায়তা করতে বেগম জিয়ার প্রতি আহ্বান জানান। সৈয়দ আশরাফ বলেন, দ্বিধাদ্বন্দ্ব ও সন্দেহের অবসান ঘটিয়ে যুদ্ধাপরাধীদের আনুষ্ঠানিক বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে। সব বাধা উপেক্ষা করে বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। তবে ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, ১৯৭৫ সালের পর জেনারেল জিয়া দেশে-বিদেশে যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা করেন। এরই ধারাবাহিকতায় বেগম জিয়া তাঁদের মন্ত্রিসভায় ঠাঁই দেন।সৈয়দ আশরাফ বলেন, ‘তেল-গ্যাস ও পানির বর্তমান সংকটের জন্য বিগত দুই সরকার দায়ী। বিএনপি জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে এক ফোঁটাও বিদ্যুৎ উৎপন্ন হয়নি। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচারে যেমন কাজ চলছে, তেমনি তেল-গ্যাস ও পানি সমস্যার সমাধানের জন্যও শেখ হাসিনার সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।’ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এ বিচার কোনো দলের বিরুদ্ধে নয়। যুদ্ধাপরাধী যে দলের হোক, তাঁর বিচার করা হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের অনেক প্রতিষ্ঠান রয়েছে, যা থেকে তাঁরা মাসে কোটি কোটি টাকা আয় করেন। এ অর্থ দিয়েই তাঁরা যুদ্ধাপরাধীদের বিচারকাজকে বাধাগ্রস্ত করবেন। সাদেক খানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, মোফাজ্জল হোসেন চৌধুরী, জাসদের নুরুল আম্বিয়া, আবদুল হক সবুজ।