ভৈরব সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর নয় মন্ত্রীকে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক মন্ত্রীরা হলেন এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম, আবদুল মান্নান ভুঁইয়া, নাজমুল হুদা, খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক, সালাউদ্দিন আহমেদ ও এ কে এম মোশাররফ হোসেন। এদিকে গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ভৈরব সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির বিষয়ে সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সালাউদ্দিন আহমেদকে নোটিশ পাঠানো হলেও তিনি বুধবার উপস্থিত হননি। এ বিষয়ে তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশীদ। তিনি জানান, মান্নান ভুঁইয়া, এম কে আনোয়ার ও শামসুল ইসলামকে আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। আর খন্দকার মোশাররফ, আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক ও মোশাররফ হোসেনকে আগামী রোববার জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। তবে নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ শেষে কিছু জানা গেছে কি না, তদন্তের স্বার্থে তিনি তা জানাননি। নাজমুল হুদা দুদক থেকে বের হয়ে বলেন, খালেদা জিয়াসহ জোট সরকারের নয় মন্ত্রীর বিরুদ্ধে দুদকের নোটিশ পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত। সরকারের ইশারায় এটা করা হয়েছে। সে সময় যাবতীয় নিয়ম মেনে যুক্তরাজ্যভিত্তিক ঠিকাদার কোম্পানি এডমন্ড নাটালকে কাজ দেওয়া হয়েছিল। কোনো অনিয়ম হয়নি। উল্লেখ্য, জোট সরকারের সময় গঠিত ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে খালেদা জিয়া ও এই নয় মন্ত্রীর নাম ছিল।জানা গেছে, এ বিষয়ে খালেদা জিয়াকে গত ১৫ ফেব্রুয়ারি প্রথম নোটিশ পাঠায় দুদক। ২৩ ফেব্রুয়ারি খালেদা জিয়া আইনজীবীর মাধ্যমে দুদকের নোটিশের জবাব দেন। পরে ২৩ মার্চ খালেদা জিয়ার আইনজীবী আরেকটি উত্তর পাঠান দুদকের কাছে।