খালেদা ও হিউম্যান রাইটসের বক্তব্যে মিল: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুল ইসলাম
কামরুল ইসলাম

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বক্তব্যে মিল খুঁজে পেয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘র‌্যাব বিলুপ্তি নিয়ে খালেদা জিয়া ও এইচআরডব্লিউর বক্তব্য সম্পূর্ণ মিল। আমাদের বুঝতে হবে এসব সংগঠন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।’
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় কামরুল এ মন্তব্য করেন। ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভা সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগ এই বর্ধিত সভার আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে একটি ঘটনা ঘটার পর র‌্যাব ও প্রশাসনের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে কেন এসব মন্তব্য। আসলে বাংলাদেশের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল বুধবার দেওয়া এক খোলা চিঠিতে র‌্যাব ভেঙে দেওয়ার আহ্বান জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। চিঠিতে র‌্যাব সম্পর্কে বলা হয়, ‘একটি গণতান্ত্রিক দেশে খুনে বাহিনীর (ডেথ স্কোয়াড) স্থান নেই৷ এর আগে ১১ মে এক অনুষ্ঠানে র‌্যাব বাতিলের দাবি তোলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বর্ধিত সভায় জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনার পর জড়িত সন্দেহে তিন র‌্যাব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তদন্ত যেন বাধাগ্রস্ত না হয়, এ জন্য ওই এলাকার প্রশাসনের সব কর্মকর্তাকে বদলি করা হয়েছে। খালেদা জিয়া যখন ক্ষমতা থাকার সময় ২১ আগস্ট গ্রেনেড হামলা হলো, কই, একজন পুলিশকেও তো বহিষ্কার করা হলো না। কাউকে শাস্তি দেওয়া হয়নি। বরং তাদের পুরস্কৃত করা হয়।’
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নানক বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে, সে সুযোগও দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া নারায়ণগঞ্জ গেছেন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। যে ষড়যন্ত্রের জাল বুনেছেন তা ব্যর্থ হবেই, হবে। নানক বলেন, ‘মায়া ভাই রাজপথের সিপাহসালার। মহানগর আওয়ামী লীগের প্রাণপুরুষ। এ জন্য তাঁর বিরুদ্ধে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করছে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাংসদ কামাল আহমেদ মজুমদার প্রমুখ।