খালেদা-কাদের সিদ্দিকী বৈঠক শিগগিরই
খুব শিগগিরই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসবেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। ওই বৈঠকে কাদের সিদ্দিকীর দল সিদ্ধান্ত নেবে বিএনপির নেতৃত্বাধীন জোটে যাবে কি না। রাজনৈতিক ঐক্য গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাতে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের এক বৈঠকের পর কাদের সিদ্দিকী এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, বিএনপির প্রতিনিধিদল তাঁকে খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। তিনি ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন। কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম নেতৃত্ব দেন। বিএনপির সূত্রে জানা গেছে, ঐক্য গঠন প্রক্রিয়ায় ভবিষ্যতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গেও অনানুষ্ঠানিক আলোচনা হবে। আনুষ্ঠানিক আলোচনার জন্য ইতিমধ্যে এসব দলকে চিঠি দেওয়া হয়েছে।১২ জুলাই বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বৈঠক করেন। আজ বুধবার এলডিপির সভাপতি অলি আহমদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।