সোনালী ব্যাংকের করা ঋণখেলাপি মামলায় বিবাদী আরাফাত রহমান কোকোর মৃত্যুতে তাঁর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং কোকোর স্ত্রী ও দুই মেয়েকে সমন দিয়েছেন আদালত। ১২ এপ্রিল তাঁদের আদালতে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে হবে।
গতকাল রোববার ঢাকার অর্থঋণ আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আরা হ্যাপী এ আদেশ দেন। সোনালী ব্যাংকের পক্ষে সমন জারির আবেদন ও শুনানি করেন আইনজীবী জাহাঙ্গীর হোসেন ও হোসনে আরা বেগম।
বিবাদীপক্ষে শুনানি করেন জয়নাল আবেদীন। তিনি জানান, আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় তাঁর মা, স্ত্রী ও দুই মেয়েকে পক্ষভুক্ত করে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। ১২ এপ্রিল নিজে বা আইনজীবীর মাধ্যমে তাঁদের আদালতে হাজির হতে হবে।
ড্যান্ডি ডাইংয়ের নামে ঋণ নিয়ে তা পরিশোধ না করায় ২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংক ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে এ মামলা করে। মামলায় ড্যান্ডি ডাইংয়ের পরিচালক হিসেবে তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ ১০ জনকে বিবাদী করা হয়।
গত ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো হৃদ্রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান।