খালেদা খুনি ও মিথ্যাবাদী: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা, ফাইল ছবি
শেখ হাসিনা, ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া একজন খুনি ও মিথ্যাবাদী। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের বহু নেতা-কর্মীকে খুন করেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু সেই হামলায় তিনি আমাদের প্রাণপ্রিয় নেত্রী আইভি রহমানকে খুন করেছেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মসজিদে মসজিদে আজানের পরিবর্তে উলুধ্বনি শোনা যাবে। কিন্তু তা হয়নি। তিনি মিথ্যাবাদী, তা প্রমাণ হয়েছে।’

আজ বুধবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি পাবনা জেলার বিভিন্ন এলাকার ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। টানা প্রায় ৩০ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা এবং বিএনপি ও জামায়াতের সমালোচনা করেন। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে নৌকায় ভোট চান। এর আগে সিলেট, কক্সবাজার, সাভার এবং রাজধানী ঢাকায় একটি উড়ালসেতু উদ্বোধনের সময় ভোট চান তিনি।

প্রধানমন্ত্রী আজ সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের প্রকল্পের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে লুটতরাজ হয়। খালেদা জিয়ার ছেলেরা দেশের শত শত কোটি টাকা বিদেশে নিয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে উন্নয়ন করে। আমরা ক্ষমতায় এসে দেশের শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছি। দেশে কোনো মানুষ এখন না খেয়ে মরে না। সবাই শান্তিতে বসবাস করে।’

প্রধানমন্ত্রী আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, ‘উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। আমরা আবার ক্ষমতায় এলে দেশের প্রতিটি উপজেলায় একটি কলেজ ও একটি স্কুল সরকারীকরণ করব। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সুখী ও সমৃৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব।’

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রাহমান শরীফের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক টুকুসহ পাবনা, কুষ্টিয়া, নাটোর ও সিরাজগঞ্জের আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।

বিএনপি সমালোচনা করে আ.লীগ উন্নয়ন করে

এর আগে আজ সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে বলেন, ‘তারা শুধু সমালোচনা করে আর দেশের উন্নয়ন করে আওয়ামী লীগ। ১৯৯৬ সালে ক্ষমতা ছাড়ার সময় আমরা চার হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিলাম। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে তা কমিয়ে তিন হাজার ২০০ মেগাওয়াট করে। ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর আমরা সেই বিদ্যুৎ বাড়িয়ে ছয় হাজার ৬৭৫ মেগাওয়াট করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। শুধু গ্যাসভিত্তিক নয়। আমরা কয়লা, পারমাণবিক এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, ‘দেশের আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ একটি অপরিহার্য অনুষঙ্গ। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রথমেই প্রয়োজন বিদ্যুৎ। তাই আমরা প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে পারমাণবিক নিরাপত্তার ওপর। এই নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গাইডলাইন অক্ষরে অক্ষরে অনুসরণ করছি।’

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো ধরনের দুর্যোগে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকটা খেয়াল রেখে এই প্লান্টের ডিজাইন করা হয়েছে। আমি রাশিয়ান প্রেসিডেন্টকে অনুরোধ করেছি, নিরাপত্তার বিষয়টি শতভাগ নিশ্চিত করেই যেন এই প্লান্টটি নির্মাণ করা হয়।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও রোসাটোমের পরিচালক সের্গেই কিরিস্কোর, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৬১ সালে দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১৯৬২ থেকে ১৯৬৮ সালে পাকশী ইউনিয়নের পদ্মার তীরবর্তী রূপপুর গ্রামকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্থান হিসেবে বেছে নেওয়া হয়। এ সময় প্রকল্পর জন্য ২৬০ একর ও আবাসিক এলাকার জন্য ৩২ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু কিছু স্থাপনা তৈরির পর থেমে যায় সব। স্বাধীনতার পর ১৯৭২ সালে আবার এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। ১৯৭৭ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত একনেক থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের প্রকল্প অনুমোদন হয়। কিন্তু প্রয়োজনীয় অর্থ জোগান না থাকায় কার্যক্রম থেমে যায়। ১৯৯৬ সালে জাতীয় জ্বালানি নীতিতে প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করা হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে প্রকল্পটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়।