খালেদা গণতন্ত্রের ক্লাব থেকে বিদায় নিয়েছেন: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদকে সমর্থন করে খালেদা জিয়া গণতন্ত্রের ক্লাব থেকে বিদায় নিয়েছেন। খালেদা জিয়া সেই নেত্রী, যিনি জঙ্গিবাদের সমর্থন করেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করেন, সাম্প্রদায়িকতাকে উসকানি দেন।

আজ শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আবদুর জাব্বার মিলনায়তনে এক সুধী সমাবেশ ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সমাজতান্ত্রিক চেতনায় বিশ্বাসী দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনুকে এ সময় বারবার গণতন্ত্রের অগ্রযাত্রার পক্ষে কথা বলতে দেখা যায়।

অনুষ্ঠানে ইনু বলেন, ‘আমাদের চলমান আন্দোলন হচ্ছে জঙ্গিবাদ বনাম গণতন্ত্র, যুদ্ধাপরাধী বনাম গণতন্ত্র, নাশকতা বনাম গণতন্ত্র। এ অবস্থার প্রেক্ষিতে বর্তমানে আমরা কোনো মিটমাটের লক্ষণ দেখছি না।’


জামায়াত ও বিএনপিকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বলব ওরা রাজনৈতিক শয়তানি ছাড়েনি, ক্ষমা চায়নি, তওবা করেনি, ভুল স্বীকার করেনি। সুতরাং এই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পক্ষের রাজনৈতিক শয়তানদের সাথে কোনো মিটমাট হতে পারে না। ওদের দমন করতে হয়, কেউটে সাপের বিষদাঁত ভেঙে দিতে হয়। যেমন করে পাকিস্তানিদের বিষদাঁত ১৬ ডিসেম্বরে ভেঙে দেওয়া হয়েছিল।’

ইনু বলেন, ‘মহাজোটের ছাতার তলে থেকে কিছু লোক দলবাজি ও বাড়াবাড়ি করছে, আমরা জাসদ মনে করি আইনের শাসন কায়েম করতে সেসব বাড়াবাড়ি বন্ধ করতে হবে। যারা বাড়াবাড়ি করছে, তাদের প্রত্যেককে শেখ হাসিনার সরকার আইনের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।’


জাসদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আক্তার, কর্নেল তাহেরের স্ত্রী সাংসদ লুত্ফা তাহের, জাসদের সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান, নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাদিক হোসেন প্রমুখ। প্রতিনিধি সমাবেশে বৃহত্তর ময়মনসিংহের জাসদের নেতা-কর্মীরা অংশ নেন।