খালেদা চেয়েছিলেন সেনাবাহিনী যেন তাঁদের জিতিয়ে দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া চেয়েছিলেন, সেনাবাহিনী যেন ভোট চুরি করে তাঁদের জিতিয়ে দেয়। শেখ হাসিনা প্রশ্ন তুলে বলেন, ‘সেনাবাহিনীকে কেন ভোট চুরির কাজে ব্যবহার করতে চান? নারায়ণগঞ্জে কী এমন ঘটনা ঘটেছে যে সেখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে? সেনাবাহিনী নামলেই কি ওনার প্রার্থীকে চুরি করে জিতিয়ে দিতেন?’গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জনগণ তা গ্রহণ করেনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনি জনগণের জবাব পেয়ে গেছেন। ওনার প্রার্থী যে ভোট পেয়েছেন, তাতে তাঁর চেতনা ফিরে পাওয়া উচিত।’ বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি কি সেনাবাহিনীকে ভোট চুরির কাজে ব্যবহার করতে চান? সেনাবাহিনীর কাজ কি ভোট চুরি করা? ভোট চুরি করে ক্ষমতায় বসাবে বলেই তো জ্যেষ্ঠ নয়জনকে ডিঙিয়ে মইন উ আহমেদকে সেনাপ্রধান করেছিলেন। আপনার ইয়াজউদ্দিন-ফখরুদ্দীন-মইনুদ্দিনরা তো আপনাকে ক্ষমতায় বসায়নি। আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করে ক্ষমতায় আসার রাজনীতিতে বিশ্বাস করে না।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন টক শোতে ঝড় তোলা হচ্ছে। সেনা মোতায়েন না করায় নাকি সংবিধান লঙ্ঘন করা হয়েছে। সেনাবাহিনী চেয়ে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে, তখন সেনাবাহিনীর প্রতিনিধিকে ডাকা হয়নি। সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। একমাত্র প্রতিরক্ষামন্ত্রী বা সরকারপ্রধানই সিদ্ধান্ত দিতে পারেন, সেনাবাহিনী ব্যারাকের বাইরে যাবে কি না। কিন্তু ওই সময় আমি দেশে ছিলাম না, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এ ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন হলো কীভাবে? নির্বাচন কমিশন যখন যা চেয়েছে, সবই দেওয়া হয়েছে। এখানে কোনো ব্যত্যয় ঘটেনি।’ শেখ হাসিনা বলেন, ‘আজ অনেকে বড় বড় কথা বলছেন। সেনাবাহিনী মোতায়েন না হওয়ায় সোচ্চার, তাঁদের জ্ঞাতার্থে বলছি, ২০০৩ সালে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে সেনাবাহিনী চেয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। তখন কি সংবিধান লঙ্ঘন করা হয়নি?’ দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘পত্রপত্রিকায় গাদ্দাফি সম্পর্কে অনেক কিছুই লেখা হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন গাদ্দাফি। শমসের মবিন চৌধুরীর মাধ্যমে জিয়া তাদের লিবিয়া পাঠান। গাদ্দাফি তাদের বিশাল বাড়ি, চাকরি আর অর্থ দেন। কিন্তু এসব কথা পত্রপত্রিকায় লেখা হয়নি। এই গাদ্দাফি আমাদের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তান সরকারকে অর্থ ও অস্ত্র দিয়েছিল। এ কথাগুলো পত্রিকায় লেখা হয়নি।’জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন: আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, শহীদ জাতীয় নেতা এম মনসুর আলীর ছেলে ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, রামেন্দু মজুমদার।এর আগে সকালে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনা রাজধানীর বনানীতে তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।