খালেদা জঙ্গিমূর্তিতে আবির্ভূত হয়েছেন: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

জাতীয় নির্বাচন প্রতিহত করতে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া জঙ্গিমূর্তিতে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, নির্ধারিত দিনেই অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সংবিধান মোতাবেক নির্বাচন হবে। কিন্তু বিরোধীদলীয় নেত্রী এই নির্বাচন প্রতিহত করতে জঙ্গিমূর্তিতে আবির্ভূত হয়েছেন। কিন্তু তাঁদের নির্বাচন প্রতিহতের ক্ষমতাও নেই, হবেও না।
হরতালে জামায়াতের সহিংস কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, তাদের (জামায়াত) সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে মনে হয়, এরা কোনো রাজনৈতিক দল নয়। এটা একটা ফ্যাসিস্ট সংগঠন। যুবলীগের নেতা-কর্মীদের এদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।
হানিফ বলেন, উচ্চ আদালত তাদের নিবন্ধন বাতিল করার পর তারা এখন কোনো রাজনৈতিক দল নয়। এখন এটি সন্ত্রাসী সংগঠন। আগামীতে তাদের সরকারি ও রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।

জামায়াতের হরতালের কারণে হজযাত্রীদের দুর্ভোগ হচ্ছে উল্লেখ করে হানিফ বলেন, ‘গতকাল ও আজ অনেক হজযাত্রী হরতালের কারণে যথাসময়ে তাঁদের ফ্লাইট ধরতে পারেননি। অথচ এ দলটি ইসলামের কথা বলে রাজনীতি করে। সত্যিকার অর্থে যদি হেফাজতে ইসলাম ধর্মের রক্ষা করে, তাহলে এই জামায়াতকে প্রতিহত করতে আপনারা রাজপথে নামুন। না নামলে বুঝব আপনারা ধর্মের নামে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন।’

পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে হানিফ বলেন, ‘কানাডার আদালতে সে দেশের পুলিশ চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে আবুল হাসান চৌধুরীকে দোষী করে। সেখানে সরকারের মন্ত্রীর নাম আসেনি। সুতরাং পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীত হয়নি।’

ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

এদিকে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে রাজধানীতে মিছিল, মানববন্ধন ও মোটর শোভাযাত্রার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের মৃত্যুদণ্ড রায়ে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

আজ সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়ে হরতালের বিরুদ্ধে স্লোগান দেন দলের নেতা-কর্মীরা। এ ছাড়া ঢাকা-৭ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে লালবাগ-কোতেয়ালি থানা এবং রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগ হরতালবিরোধী মিছিল-সমাবেশ করে বলে জানা গেছে।