খালেদা জিয়া এসি রুমে বসে মানুষ পোড়ানোর হুকুম দিচ্ছেন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাসে আগুন দিয়ে যারা গণহত্যা চালাচ্ছে, তাদের ছাড় দেওয়া হবে না’ বলে বিরোধী দলকে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দাবি করেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এসি রুমে বসে আগুনে মানুষ পোড়ানোর হুকুম দিচ্ছেন।
বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে সহিংসতায় আগুনে পোড়া ব্যক্তিদের দেখতে প্রধানমন্ত্রী গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান। তিনি সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আগুনে মানুষ পোড়ানোর মতো যারা ঘৃণ্য অপরাধ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যারা বোমা মারছে তাদের ছবি তুলে প্রচার করতে সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সহিংসতার মাধ্যমে গণহত্যা চালানো হচ্ছে। এটা সহিংসতা, এটা গণহত্যা। বিএনপি একাত্তরের দোসরদের দিয়ে গণহত্যা চালাচ্ছে। ঠিক যেমন একাত্তরে বাঙালি জাতির ওপর করা হয়েছিল। তিনি বলেন, ‘এখানে এসে দেখলাম, একেকটা পরিবারের কী অবস্থা! এই যে সুমি, সে আমাকে বলছে, যারা আমাকে পুড়িয়েছে তাদের হাত পুড়িয়ে দিন। কিন্তু আমরা তো তাদের মতো বর্বর না।’
প্রধানমন্ত্রী বেলা তিনটার দিকে বার্ন ইউনিটে পৌঁছে আগুনে পোড়া রোগীর চিকিৎসার খোঁজখবর নেন। তিনি চিকিৎসক, রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন।