খালেদা জিয়া দেশের জন্য বিপজ্জনক হয়ে পড়ছেন: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের জন্য বিপজ্জনক হয়ে পড়ছেন। খালেদা জিয়া ও বিএনপির মিথ্যাচারের কারণে দেশের গণতন্ত্র ও অর্থনীতি হুমকির মুখে পড়েছে। আজ বুধবার তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা (জিএসপি) বাতিলের জন্য খালেদা জিয়া স্বনামে “ওয়াশিংটন টাইমস” পত্রিকায় লিখেছেন। কিন্তু এখন সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে তিনি ডাহা মিথ্যা কথা বলছেন। বিএনপির নেতারাও মিথ্যাচার  করছেন।’ সাভারের রানা প্লাজা থেকে উদ্ধার হওয়া পোশাকশ্রমিক রেশমাকে নিয়ে ব্রিটিশ ট্যাবলয়েড ‘মিরর’-এর প্রতিবেদন ‘ডাহা মিথ্যা’ বলে দাবি করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, পত্রিকাটির যে সাংবাদিক এই প্রতিবেদন তৈরি করেছেন, তিনি একজন কুখ্যাত সাংবাদিক। এ ধরনের ‘মিথ্যা প্রতিবেদন’ যাচাই-বাছাই না করে এ দেশের পত্রিকাগুলোতে ছাপানোর মাধ্যমে তথ্যসন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘মিরর’ পত্রিকার ওই প্রতিবেদনের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া যায়, পররাষ্ট্রমন্ত্রী তা নিয়ে কাজ করছেন।